জাল সনদ দাখিলের দায়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের কাগজপত্র সরানোর অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম গত মঙ্গলবার এ ব্যাপারে বাগাতিপাড়া থানায় এ অভিযোগ দায়ের করেছেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে।
তবে শহিদুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।’ তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিএড সনদ জাল হিসেবে প্রত্যয়ন করার পরও তিনি অভিযোগ মিথ্যা বলছেন কেন—এ বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর দেননি।
বিদ্যালয় সূত্র জানায়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর উচ্চবিদ্যালয়ের তৎকালীন শরীরচর্চা শিক্ষক শহিদুল ইসলাম বিএড (ব্যাচেলর অব এডুকেশন) পাসের সনদ দাখিল করে বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন। নিয়োগের সময় তিনি ২০০৭ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিএড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এ-সংক্রান্ত কাগজপত্র জমা দেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা তাঁর এ সনদ জাল বলে অভিযোগ করেন। সত্যতা যাচাই করার জন্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সনদটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠান। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) ২০১১ সালের ২৬ অক্টোবর এক প্রতিবেদনে সনদটি ওই বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা হয়নি বলে জানান। কমিটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল আওয়াল সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ব্যবস্থা নেওয়ার জন্য দরখাস্ত করেন।
সর্বশেষ গত ২১ ডিসেম্বর ওই কমিটি প্রধান শিক্ষকের কাগজপত্র ও বিশ্ববিদ্যালয়ের পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে তাঁকে সাময়িক বরখাস্ত করে। এরপর বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়াও শহিদুল ইসলামের অন্যান্য কাগজপত্র যাচাই করার জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ৪ জানুয়ারি কমিটির তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমান বলেন, ‘জাল সনদসহ ছয়টি কারণে শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে কারণ দর্শাতে বলা হলে তিনি যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হয়েছেন।’