বিদ্যালয়ের গাছ কেটে আত্মসাৎ
যশোরের অভয়নগর উপজেলার পিপিবি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য তরুণ কুমার বসু বিদ্যালয়ের দুটি বড় মেহগনিগাছ কেটে নিয়ে গেছেন। ওই দুটি গাছের দাম প্রায় ৫০ হাজার টাকা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
গাছের টাকা আদায়ের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার বিশ্বাস ২ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
এ ব্যাপারে তরুণ কুমার বসু বলেন, ‘আমি মেহগনিগাছ দুটি ৩৭ হাজার টাকায় বিক্রি করেছি। টাকা আমার কাছে আছে। ওই টাকা দিয়ে বিদ্যালয়ের চেয়ার ও টেবিল তৈরি করা হবে।’
প্রধান শিক্ষক নিখিল কুমার বিশ্বাস বলেন, ২২ আগস্ট রাতে তরুণ কুমার বসু বিদ্যালয়ের দুটি মেহগনিগাছ কেটে নিয়ে যান। গাছ বিক্রির টাকা বিদ্যালয়ের তহবিলে জমা দেওয়ার জন্য তাঁকে অনেকবার বলা হয়েছে। কিন্তু তিনি টাকা জমা দিতে টালবাহানা করছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, তরুণ কুমার বসু বিদ্যালয়ের গাছ কেটে অপরাধ করেছেন। গাছ বিক্রির টাকা বিদ্যালয়ের তহবিলে জমা না দিয়ে তিনি আরও বেশি অপরাধ করেছেন।