বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগ
মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলামের বিরুদ্ধে গত শুক্রবার বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে। পরে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়।
বিদ্যালয়ের আশপাশের কয়েকজন বাসিন্দা জানান, বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন জাতের পাঁচ-ছয়টি বড় গাছ ও বেশ কিছু ছোট গাছ রয়েছে। শিক্ষার্থীরা বড় গাছগুলো ছায়াবৃক্ষ হিসেবে ব্যবহার করে। হঠাৎ করে শুক্রবার সকালে তাঁরা দেখতে পান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল শ্রমিক লাগিয়ে গাছগুলো কেটে নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান। পরে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়। তাঁরা আরও জানান, আশরাফুল ক্ষমতাসীন দলের রাজনীতি করেন। এ কারণে তাঁকে সবাই ভয় পান। এর আগে তিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। ওই ব্যাপারে থানায় মামলাও হয়।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের বড় দুটি রেইনট্রি গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে। একটি গাছের গোড়ার মাটিও খোঁড়া হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা আক্তার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে আমি বিদ্যালয়ের গাছ কাটার খবর পাই। পরে আমি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানাই।’
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কাউকে কিছু না জানিয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ওই গাছগুলো কাটছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর পর পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।
এ ব্যাপারে মহম্মদপুরের ইউএনও কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি জানতে পারি স্কুল পরিচালনা কমিটির সভাপতি গাছগুলো কেটে নিচ্ছেন। পরে পুলিশ পাঠিয়ে কাছ কাটা বন্ধ করে দিয়েছি। তবে ঠিক সভাপতিই ওই গাছগুলো কাটছিলেন কি না, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না।’
তবে আশরাফুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই গাছ কাটার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
মহম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শেখ আলাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।