বিদ্যালয়ের জায়গা দখল করতে উৎপাত!
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার খাসহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায়ই কে বা কারা রাতে ঢুকে শ্রেণিকক্ষের বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, বারান্দা ও দেয়ালে গোবর লেপটে রাখে। এ কারণে মাঝেমধ্যে ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। কয়েক মাসের ব্যবধানে অন্তত দশবার এমন ঘটনা ঘটেছে।
কালিকাপ্রসাদ ইউনিয়নের ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছে তাদের বিদ্যালয়ের নাম জানতে চাওয়া হলে তানিম আহমেদ নামে এক শিক্ষার্থী বলে ওঠে ‘গোবর স্কুল’।
কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, এমনিতেই বিদ্যালয়ের বেশির ভাগ জায়গা বেদখল হয়ে আছে। আরও জায়গা দখলে নিতে একশ্রেণির লোক দুর্বৃত্তদের পথ বেছে নিয়েছে। গোবর দেওয়ার মধ্যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে তাঁরা মনে করেন। শিক্ষকেরাও এমন আশঙ্কা করছেন।
জানা গেছে, স্থানীয় নবর আলী নামে এক ব্যক্তির দান করা ৫২ শতাংশ জায়গার ওপর ১৬৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বর্তমানে ২২ শতাংশ ছাড়া বাকি জায়গায় স্থানীয়রা ঘর তুলে বাস করছেন। বিদ্যালয়ের মাঠ ও বারান্দা ব্যবহার করছেন নিজেদের মতো করে। সর্বশেষ এক সপ্তাহ আগে একই ঘটনা ঘটলে প্রধান শিক্ষক বিষয়টি ইউএনও জেসমিস আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহাগ আহমেদকে জানিয়ে জিডি করেন।
গত রোববার গিয়ে দেখা যায়, অযত্ন-অবহেলায় বিদ্যালয়ের বাহ্যিক পরিবেশ শ্রীহীন হয়ে আছে। মাঠে গরু ও বিদ্যালয়ের চালায় লাকড়ি শুকানো হচ্ছে। নলকূপটির মাথা নেই। শৌচাগার ব্যবহারের অনুপযোগী। আলতাফ হোসেন, সফিউদ্দিন, সাইদুর রহমান, খলিলুর রহমান, বাবুল মিয়াসহ স্থানীয় আরও কয়েকজন অন্তত ২০ শতাংশ জায়গা দখলে নিয়ে ঘর নির্মাণ করে বাস করছেন। প্রধান শিক্ষক রুমা বেগম দাবি করেন, তাঁর চেষ্টায় দিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। একই মন্তব্য করেন কালিকাপ্রসাদ ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা নাদিরা আক্তার।
কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মওলা বলেন, তিনি ঘটনাটি জানতেন না। এখন জেনেছেন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যা করা প্রয়োজন তাই করা হবে।