বিদ্যালয়ের ফটকে তালা দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও শিক্ষককে পেটানোর ঘটনাকে কেন্দ্র করে একটি প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে।
দু-তিনজন শিক্ষক জানান, দুষ্টুমির অভিযোগে মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাকিব আহমেদ ওরফে রিয়াদকে প্রধান শিক্ষক মতিউর রহমান স্টিলের স্কেল দিয়ে পেটান। এতে রাকিবের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগে ফুলে ওঠে। সে বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর তার বাবা লিটন মল্লিক ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বিদ্যালয়ে ছুটে এসে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে ওই ছাত্রের বাবা হাতুড়ি ও বাটাম দিয়ে তাঁকে পেটান ও কিল-ঘুষি মারেন। খবর পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ-বিন সালাম সেখানে এসে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। ওই রাতে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে শিক্ষার্থী নির্যাতন ও শিক্ষক পেটানোর প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবক বিদ্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং শিক্ষার্থী ও শিক্ষক পেটানোর প্রতিবাদে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।
মোহাম্মদ-বিন সালাম বলেন, ইউএনওর অনুরোধে উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাজেবিন শিরিন ঘটনাটি মীমাংসা করে দিয়েছেন। গতকাল বিকেলেই বিদ্যালয়ের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। বৈঠকে অভিযুক্ত দুজনই দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
এ বাপারে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক ও ওই শিক্ষার্থীর বাবা মীমাংসার কথা স্বীকার করেন।