বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ দখল করে আলুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর উচ্চবিদ্যালয় ও জিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় দুই মাস ধরে আলুর হাট বসাচ্ছেন হাটের ইজারাদার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য রফিকুল ইসলাম। প্রয়োজনে বিদ্যালয়ের বারান্দা ও শ্রেণিকক্ষও ব্যবহার করছেন তিনি। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
রফিকুল প্রভাবশালী হওয়ায় হাটটি বন্ধে প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। প্রতি শনি ও বুধবার এ হাট বসছে।
সরেজমিনে গতকাল বুধবার সকালে দেখা যায়, জিয়ানগর বাজারসংলগ্ন জিয়ানগর উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় একই চত্বরে অবস্থিত। দুই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ ও বারান্দা ব্যবহার করে আলু কেনাবেচা করছেন ব্যবসায়ীরা। বেশ কটি শ্রেণিকক্ষের বেঞ্চ এক পাশে সরিয়ে দিয়ে আলুর বস্তা রাখা হয়েছে। হাটের ধুলা আর হইচইয়ের মধ্যে চলছে শিক্ষার্থীদের পাঠদান।
নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি করে হাট বসানোর বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে। ইজারাদার নিজেই বিদ্যালয় কমিটির সদস্য হওয়ায় কেউ তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস পান না।
কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, যেদিন হাট বসে, সেদিন আর ক্লাসে পড়ানো যায় না। একদিকে হইচই, আরেক দিকে হাটের ধুলাবালুতে টেকা দায় হয়ে যায়। ইজারাদার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য। তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই।
নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, তাদের শ্রেণিকক্ষ ব্যবহার করেন আলুর ব্যাপারীরা। প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।
উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোত্তালেব বলেন, স্থানীয় লোকজনকে নিয়ে বিদ্যালয় চালাতে হয়। আলুর মৌসুমে হাটে জায়গা হয় না বলে তাঁরা মাঠ ব্যবহার করেন। ইজারাদারকে নিষেধ করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। গত জানুয়ারির শেষ দিক থেকে সপ্তাহে দুই দিন এ হাট বসছে বলে জানান তিনি।
উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল আজাদ বলেন, ‘গোটা মাঠই প্রাথমিক বিদ্যালয়ের। ওই বিদ্যালয় কমিটির লোকজনের সহায়তায়ই হাট বসে। আমাদের বিরোধিতায় কান দেন না তাঁরা।’
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, ‘স্কুল শুরুর আগেই বারান্দা-মাঠ দখল করে হাট বসে যায়। ইজারাদার প্রভাবশালী। স্থানীয় লোকজনই তাঁকে সহযোগিতা করেন। আমরা বাইরের লোক। নিষেধ করে কোনো কাজ হয় না।’
ইজারাদার রফিকুল ইসলাম বলেন, এ এলাকায় প্রচুর আলু হয়। আলুর মৌসুমে জিয়ানগর বাজারের সীমানায় হাট বসিয়ে বিক্রি কুলায় না। আলুর মৌসুমেই বিদ্যালয় মাঠটি ব্যবহার করা হয়। এতে ক্লাসের তেমন ক্ষতি হয় না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। তার পরও বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়ে মাঠে হাট বন্ধের ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমি জানি। শিগগিরই মাঠে হাট বসানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’