বিদ্যালয়ের মাঠে বিএনপি নেতার বাঁশের বেড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জের আশরাফগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠ নিজের জমি বলে দাবি করে এভাবে দখল করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা রায়হান হাবিব। ছবিটি ৭ জুন তোলা l প্রথম আলো
রংপুরের বদরগঞ্জের আশরাফগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠ নিজের জমি বলে দাবি করে এভাবে দখল করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা রায়হান হাবিব। ছবিটি ৭ জুন তোলা l প্রথম আলো

রংপুরের বদরগঞ্জ উপজেলার আশরাফগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠ দখল করে বাঁশের বেড়া দিয়েছেন বিএনপির এক নেতা। এ কারণে এক মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারছে না।
উপজেলার রামনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান হাবিব গত ২ মে মাঠের অন্তত ৩০ শতক জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখেন। বিদ্যালয়ের ৪৬ শতক জায়গা তিনি পৈতৃক সম্পত্তি বলে দাবি করছেন।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রায় অর্ধেক জমি দখল করে বেড়া দেওয়া হয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা ঢুকছে না। মাঠটি আশরাফগঞ্জ উচ্চবিদ্যালয়ের হলেও আশরাফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তা ব্যবহার করে। মাঠ দখল হয়ে যাওয়ায় তারাও খেলাধুলা করতে পারছে না।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আসাদুজ্জামান বলে, ‘আমরা প্রতিদিন টিফিনের সময় খেলি। বাঁশ দিয়ে মাঠ ঘিরে ফেলায় অনেক দিন ধরে খেলতে পারি না।’
উচ্চবিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, উচ্চবিদ্যালয়ে ৫৫৩ ও আশরাফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬১০ জন শিক্ষার্থী আছে। আশরাফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৫ সালে ও উচ্চবিদ্যালয় ১৯৬৮ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠার সময় উচ্চবিদ্যালয়ের নামে ৯৭ শতক জমি দান করেন বদরগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম মোফাজ্জল হোসেন। এর মধ্যে ৪০ শতক জায়গা মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান জানান, বিদ্যালয়ের জমিদাতা মোফাজ্জল হোসেন এখন মানসিকভাবে অসুস্থ। জমির সপক্ষে যাবতীয় দলিলপত্রও বিদ্যালয়ের নামে রয়েছে। এখন তাঁর ছেলে রায়হান হাবিব বিদ্যালয়ের ৯৭ শতক জমির মধ্যে ৪৬ শতক পৈতৃক সম্পত্তি বলে দাবি করছেন। বিদ্যালয়ের মাঠের অন্তত ৩০ শতক জায়গা ঘিরে দিয়েছেন। ঘটনাটি স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজ হয়নি। তাই ১৭ মে রংপুর সহকারী জজ আদালতে রায়হান হাবিবের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
আশরাফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র বলেন, তাঁদের বিদ্যালয়ের নামে মাত্র ২১ শতক জমি রয়েছে। সেই জায়গায় আছে বিদ্যালয় ভবন। জায়গাসংকটের কারণে উচ্চবিদ্যালয়ের মাঠটি ৪৫ বছর ধরে ব্যবহার করে শিক্ষার্থীরা। মাঠ ঘিরে রাখায় তারাও সমস্যায় পড়েছে।
এ ব্যাপারে রায়হান হাবিব দাবি করেন, ‘আমার বাবা বিদ্যালয়ের নামে ওই জমি দান করেননি। বিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধভাবে জমি দখল করে আছে।’ তবে এ ব্যাপারে তাঁর বাবার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। তবে শুনেছি, স্কুলের জমি নিয়ে দ্বন্দ্ব আছে।’