বিদ্যালয় উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আবদুর রশিদ মেমোরিয়াল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দের টাকা দিয়ে উন্নয়নকাজ করা হচ্ছে না। বিদ্যালয়ের নির্বাহী কমিটি এ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০১৪-১৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) বিশেষ বরাদ্দের দ্বিতীয় পর্যায়ে বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নামে ১ লাখ ৪০ হাজার টাকা ও সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের নামে ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। একই অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় (কাবিখার) বিশেষ বরাদ্দের তৃতীয় পর্যায়ে ওই বিদ্যালয়ে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের জন্য আরও তিন লাখ টাকা দেওয়া হয়।
এলাকাবাসী অভিযোগ করেন, ওই বিদ্যালয়ে টিআরের বরাদ্দ দিয়ে ৩০ ওয়াটের একটি সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করা হলেও কাবিখার বরাদ্দ দিয়ে সেখানে কোনো কাজ হয়নি। টিআরের বাকি বরাদ্দ দিয়েও কোনো কাজ হয়নি। প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, কাগজেকলমে কাজ দেখিয়ে এই প্রতিষ্ঠানটির নামে আসা সরকারি বরাদ্দ কয়েক বছর ধরে লুটপাট করা হচ্ছে।
বিদ্যালয় নির্বাহী কমিটির দুজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টি সুখাইড় নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে ২০০০ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মোয়াজ্জেম হোসেন ওরফে রতন এই আসনের সাংসদ হন। তিনি ২০০৯ সালে ৬ লাখ ৩০ হাজার টাকা বিদ্যালয়ের তহবিলে জমা (এফডিআর) দিয়ে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে তাঁর বাবার নামে করিয়ে নেন। বিদ্যালয়ে ১৬৫ জন শিক্ষার্থী আছে।
বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিদ্যালয়ে নানা উন্নয়নকাজ হয়েছে। সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগটি সঠিক নয়। একটি বিশেষ মহল এ নিয়ে মিথ্যা বদনাম রটাচ্ছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক অভিযোগ করেন, প্রতিবছরই এখানে নানা রকম সরকারি বরাদ্দ আসছে। কাগজেকলমে প্রকল্প বাস্তবায়ন করার কথা উল্লেখ করা হলেও আসলে কিছুই হচ্ছে না।
আবদুর রশিদ মেমোরিয়াল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ্রধান শিক্ষক মো. রেজাউল হক বলেন, তিনি দুই মাস হলো এই বিদ্যালয়ে যোগদান করেছেন। বিদ্যালয়ে ৩০ ওয়াটের একটি সৌরবিদ্যুতের প্যানেল রয়েছে। প্রকল্পের কাজ বা অর্থ
বরাদ্দ সম্পর্কে তিনি কিছুই জানেন না।
বিদ্যালয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার বলেন, টিআর ও কাবিখার বরাদ্দের টাকা তুলে বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। তা ছাড়া প্রাপ্ত বরাদ্দ দিয়ে বিদ্যালয়ের উন্নয়নকাজ চলছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অতিরিক্ত দায়িত্বে থাকা সুনামগঞ্জ সদর উপজেলার পিআইও মানিক মিয়া বলেন, প্রকল্পকাজে কোনো রকম অনিয়ম হয়ে থাকলে সরেজমিনে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক বলেন, এ-সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।