বিদ্যালয় এক, দখলদার অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সূত্রাপুর থানাধীন নারিন্দার শিশুরক্ষা সমিতি সরকারি বিদ্যালয় ভবনেই চলছে ঢাকা কারিগরি মহাবিদ্যালয়। ইনসেটে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাইনবোর্ডসহ ভবন l ছবি: হাসান রাজা
রাজধানীর সূত্রাপুর থানাধীন নারিন্দার শিশুরক্ষা সমিতি সরকারি বিদ্যালয় ভবনেই চলছে ঢাকা কারিগরি মহাবিদ্যালয়। ইনসেটে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাইনবোর্ডসহ ভবন l ছবি: হাসান রাজা

২১ নম্বর পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দোতলা। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সব কাজ নিচতলার মধ্যে সীমাবদ্ধ। কারণ, ভবনের দোতলায় পল্লবী মাজেদুল ইসলাম (এম.আই) মডেল হাইস্কুলের কার্যক্রম চলে। আর ভবনের ছাদে রয়েছে সুইড বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত বুদ্ধিপ্রতিবন্ধীদের বিদ্যালয়। এ কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের সমস্যায় ভুগতে হচ্ছে।
শুধু এই বিদ্যালয়টি নয়, রাজধানী ঢাকায় এ রকম আরও অন্তত ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যেখানে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তৈরি সরকারি প্রতিবেদন ধরে সরেজমিনে এসব তথ্য পাওয়া গেছে।
সরকারি প্রতিবেদন বলছে, পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় বেসরকারি উচ্চবিদ্যালয় দখল করে আছে। গত বৃহস্পতিবার এই প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দোতলায় ১২টির মতো কক্ষ, যার সব কটিই পল্লবী মাজেদুল ইসলাম (এম.আই) মডেল হাইস্কুলের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। হাইস্কুলটির শিক্ষকেরা এসব কক্ষে বসেন। অথচ এই উচ্চবিদ্যালয়ের ক্লাস হয় পাশে থাকা তাদের নিজস্ব ভবনে।
উচ্চবিদ্যালয়টির প্রধান শিক্ষক বেগম তাজকীরা বলেন, উচ্চবিদ্যালয়ের ভবনে স্থান সংকুলান না হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে থাকা অফিস স্থানান্তর করা যায়নি। উচ্চবিদ্যালয়ের জন্য নতুন একটি একতলা ভবন করা হয়েছে, সেটিরও কিছু কাজ বাকি রয়েছে। এ বছরের শেষ নাগাদ কাজ শেষ হলে প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ছেড়ে দেওয়া হবে।
নিজেদের কক্ষগুলো অন্য বিদ্যালয় দখল করে রাখায় সংকটে পড়েছে প্রাথমিক বিদ্যালয়টি। প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মতিউর রহমান জানান, এমনিতে তাঁদের শ্রেণিকক্ষের সংকট আছে। আবার ভবনটিও জীর্ণ হয়ে পড়েছে। ফলে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

রাজধানীর সূত্রাপুর থানাধীন নারিন্দার শিশুরক্ষা সমিতি সরকারি বিদ্যালয় ভবনেই চলছে ঢাকা কারিগরি মহাবিদ্যালয়। ইনসেটে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাইনবোর্ডসহ ভবন l ছবি: হাসান রাজা
রাজধানীর সূত্রাপুর থানাধীন নারিন্দার শিশুরক্ষা সমিতি সরকারি বিদ্যালয় ভবনেই চলছে ঢাকা কারিগরি মহাবিদ্যালয়। ইনসেটে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাইনবোর্ডসহ ভবন l ছবি: হাসান রাজা

এই শিক্ষক জানান, প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন বানানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুদান পাওয়া গেছে। কিন্তু উচ্চবিদ্যালয় ভবনটি না ছাড়ায় সেটার কাজ শুরু করা যাচ্ছে না।
প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, অনেকবার বলার পরও উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ কক্ষগুলো খালি করে দিচ্ছে না।
পুরান ঢাকার নারিন্দা মনির হোসেন লেনের শিশুরক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল ১৯৫৮ সাল। গত বৃহস্পতিবার সেখানে গিলে দেখা গেল, বিদ্যালয়টির মূল ফটকে তালা েঝালানো। কথা বলার মতো কাউকে পাওয়া গেল না।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, নারিন্দা সম্মিলিত পঞ্চায়েত পরিষদ বিদ্যালয়টির একটি অংশ দখল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। একই বিদ্যালয়ের আরেকটি অংশে ঢাকা কারিগরি মহাবিদ্যালয় ও চিত্রণ ললিতকলা একাডেমির কার্যক্রম পরিচালিত হয়।
সরকারি প্রতিবেদন বলছে, ২৩ দশমিক ৬৪ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ১৬ শতাংশ জমি দখল হয়ে গেছে।
সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে রমনা রেলওয়ে উচ্চবিদ্যালয়ের কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেল, মাঠে বিভিন্ন দলে ভাগ হয়ে খেলছে উচ্চবিদ্যালয়ের কিশোরেরা। বড় রাস্তার পাশে হওয়ায় এ স্কুলে যানবাহনের শব্দ শ্রেণিকক্ষে পৌঁছে যায় স্পষ্টভাবেই। তার ওপর খেলার মাঠের শোরগোল। এরই মধ্যে ভেতরে চলছে ক্লাস।
প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুর রহমান জানালেন, সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলে। বেশির ভাগ ক্লাস দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যায়। তিনি বলেন, ‘এক ভবনে দুটি প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালনায় বেশ সমস্যা৷ তাই আমরা দীর্ঘদিন ধরে তাদের সরানোর চেষ্টা করেছি। কিন্তু পারিনি। তা ছাড়া এলাকার ছেলেমেয়েরাই এখানে লেখাপড়া করতে আসে। এ বিবেচনায় জোর করে কিছু বলতেও পারছি না।’
মূল ভবনের দোতলায় প্রাথমিক বিদ্যালয়টির কার্যালয় এবং চতুর্থ তলায় উচ্চবিদ্যালয়টির কার্যালয়ের একটি কক্ষ। উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়েই শুরু হয়েছে তাঁদের কার্যক্রম।
মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শতাংশ জায়গা দখল করে গড়ে উঠেছে মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয়। শুধু তা-ই নয়, বেসরকারি প্রতিষ্ঠানটির দুটি ভবনের একটিতে আবার বঙ্গবন্ধু ল কলেজ নামের আরেক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন সময় বিরোধের ঘটনাও ঘটে। একাধিকবার কলোনি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ খেলার মাঠের মাঝ বরাবর বেড়াও দিয়েছে। ২০০৮ সালে একবার সরকারি প্রতিষ্ঠানটির নামফলকও সরিয়ে ফেলেন তাঁরা।
অবশ্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান হামিদা প্রথম আলোকে বলেন, ১৪ আগস্ট নিম্ন আদালতের এক আদেশে বেসরকারি প্রতিষ্ঠানটির জন্য নতুন ভবন নির্মাণ ও সংস্কারের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করেছে পাশের খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১৬ দশমিক ৮৪ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ৮ দশমিক ৯২ শতাংশ জমি উচ্চবিদ্যালয়ের দখলে।
কোতোয়ালি থানার এফ কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে চতুর্থ তলা বংশাল বালিকা উচ্চবিদ্যালয়ের কাজ চলছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী, এই বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ তলা কমিউনিটি সেন্টার হিসেবেও ব্যবহৃত হয়।
ধানমন্ডি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানমন্ডি ল কলেজের কার্যক্রম চলছে। এ ছাড়া সূত্রাপুর থানাধীন শহীদ নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ দশমিক ৯২ শতাংশের মধ্যে ২ দশমিক ০৩ শতাংশে শহীদ নবী উচ্চবিদ্যালয়; মতিঝিল থানাধীন পিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ শতাংশের মধ্যে ৭ দশমিক ৫ শতাংশে পিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়ের কার্যক্রম চলছে। পুরান ঢাকার ছোটকাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের একাংশে চলছে আ. হামিদ কালান্দর উচ্চবিদ্যালয়ের কার্যক্রম।