
পুরান ঢাকার সূত্রাপুর এমএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা অবৈধ পলিথিনের কারখানায় ব্যবহৃত রাসায়নিক ও রঙের পোড়া গন্ধে অসুস্থ হয়ে পড়ছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে ক্রমান্বয়ে কমছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি।
এদিকে বিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে এক কক্ষে তিনটি শ্রেণির ক্লাস-পরীক্ষা নিচ্ছেন একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে পয়োনিষ্কাশনের লাইন বন্ধ থাকায় বিদ্যালয়ের টয়লেট ব্যবহার করতে পারছে না শিক্ষার্থীরা। এ ছাড়া বিদ্যালয়ের চারপাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ঘরবাড়ি। এটি ‘সূত্রাপুর সিটি কলোনি’ নামে পরিচিত। তাঁদের রান্নাবান্নার ধোঁয়াও আসছে বিদ্যালয়ের কক্ষে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উজ্জ্বল মিয়া প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে গেলে কারখানার রাসায়নিক ও পলিথিনের পোড়া গন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের শ্বাসকষ্ট হয়। মাথা ঝিমঝিম করতে থাকে। ক্লাস চলাকালে কারখানা বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি। বরং কারখানার বাতাস বা গন্ধ বের হওয়ার পথ রাখা হয়েছে বিদ্যালয়ের দিকে মুখ করে।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, সূত্রাপুরের ওয়াল্টার সড়কে আছে টিনের ছাউনি দেওয়া ওই পলিথিনের কারখানা। এর পেছনে আছে চারতলার সূত্রাপুর এম এস সরকারি বিদ্যালয়। কারখানায় বড় কয়েকটি যন্ত্রে বিস্কুট, চানাচুর, আটা, ময়দাসহ বিভিন্ন পণ্যের পলিথিনের প্যাকেট তৈরি করছেন কয়েকজন শ্রমিক। আর কারখানার ভেতরের গ্যাস বা গন্ধ বের হওয়ার মুখ রাখা হয়েছে বিদ্যালয় বরাবর। ফলে কারখানায় ব্যবহৃত রাসায়নিক ও পলিথিনের পোড়া গন্ধ সরাসরি ঢুকছে শ্রেণিকক্ষ ও আশপাশের বাসাবাড়ির ভেতরে। এ ছাড়া বিদ্যালয়ের নিচতলার প্রায় ২১৮ বর্গফুট জায়গায় দেয়াল তুলে দীর্ঘদিন ধরে বসবাস করছে ডিএসসিসির এক পরিচ্ছন্নতাকর্মীর পরিবার। আশপাশে গড়ে উঠেছে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের আরও ৩০-৩৫টি টিনের ছাউনির ঘর। এসব ঘরের রান্নাবান্নার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে শ্রেণিকক্ষ। বিদ্যালয়ের প্রবেশপথে ছড়িয়ে আছে কলোনির ময়লা-আবর্জনা।
প্রায় ১৯ বছর ধরে আবাসিক এলাকায় অনুমোদন ছাড়াই চলছে এই কারখানা। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মোখলেস দেওয়ান বলেন, চার থেকে পাঁচ বছর আগে পরিবেশ অধিদপ্তরে কারখানার ছাড়পত্রের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু তা না পাওয়ায় অনুমোদন ছাড়াই কারখানা চলছে। তিনি বলেন, কারখানায় পণ্যের প্যাকেট তৈরিতে মূলত রং ব্যবহৃত হয়। আর রং হালকা করতে শুধু ‘থিনার’ নামের একধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। তাঁর দাবি, এর গন্ধ বিদ্যালয়ে যায় না।
খোঁজ নিয়ে জানা যায়, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ১৯৬৯ সালে একটি টিনের ছাউনির ঘরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৭৩ সালে এটি জাতীয়করণ করা হয়। ২০০৩ সালে বিদ্যালয়ের জন্য নির্মাণ করা হয় চারতলার একটি নতুন ভবন। কিন্তু বিদ্যালয়ে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ছেলেমেয়েদের সংখ্যা ক্রমান্বয়ে কমছে। বর্তমানে কলোনির শিক্ষার্থী ২০ থেকে ২৫ জন। সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০০ জন।
বিদ্যালয়ের ভবন দখল করে বসবাস করা ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী মো. জজ মিয়ার ছেলে হযরত আলী বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এখানে বসবাস করছেন তাঁরা। এতে কেউ কখনো বাধা দেননি।
কলোনির বাসিন্দা রোজিনা বলেন, ‘ক্লাস চলাকালে রান্নাবান্না বন্ধ রাখতে বলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাই তেমন কেউ রান্না করেন না। এ ছাড়া বিদ্যালয়ের নিচতলা সব সময়ই পরিষ্কার রাখার চেষ্টা করি।’
ব্যবহারের অনুপযোগী শিক্ষার্থীদের টয়লেট: বিদ্যালয়ের শিক্ষক সূত্র জানায়, চার-পাঁচ বছর ধরে বিদ্যালয়ের নিচে পয়োনিষ্কাশনের লাইন বন্ধ আছে। তাই পাঁচটি টয়লেট ব্যবহার করতে পারছে না শিক্ষার্থীরা। বিদ্যালয়ে এত সমস্যা থাকায় এলাকার শিক্ষার্থীরা ভর্তি হতে চায় না। শিক্ষক মো. উজ্জ্বল বলেন, বিদ্যালয়ে বড় ধরনের কোনো বাজেট না থাকায় শিক্ষার্থীদের টয়লেটগুলো ব্যবহারের উপযোগী করা যাচ্ছে না। তাই টয়লেট ব্যবহারের দরকার হলে বাসায় চলে যাচ্ছে শিক্ষার্থীরা।
সূত্রাপুর থানা শিক্ষা অফিসার মঈনুল হোসেন বলেন, বিদ্যালয়সংলগ্ন পলিথিনের কারখানা উচ্ছেদ করতে ঢাকা জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। এ ছাড়া নতুন করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া চলমান রয়েছে। তা চূড়ান্ত হলে শিক্ষকসংকট কমে আসবে। আর শিক্ষার্থীদের টয়লেটগুলো ব্যবহারের উপযোগী করতে উদ্যোগ নেওয়া হবে।