আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যায় না। অথচ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চবিদ্যালয়ের সীমানা ঘেঁষে তৈরি করা হয়েছে একটি ইটভাটা। ইটভাটার ধোঁয়া-ধুলাবালুর কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মাসুদ করিম প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইটভাটা কমপক্ষে এক কিলোমিটার দূরে হতে হবে। অলি আহমদ বীর বিক্রম উচ্চবিদ্যালয়ের সীমানা ঘেঁষে ইটভাটা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থী জাকিয়া সুলতানা ও আরমিন আক্তার বলল, ইটভাটা থেকে আসা ধুলাবালু ও ধোঁয়ায় চোখ জ্বালাপোড়া করে। এতে তারা ক্লাসে মন দিতে পারে না।
বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, ইট পোড়ানোর সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ। এ ছাড়া ইটভাটার কারণে শব্দদূষণও হয়। সবচেয়ে বেশি সমস্যা হয় গরমকালে।
বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক নুরুল আমিন বলেন, ‘বিদ্যালয় লাগোয়া ইটভাটার কারণে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। ইটভাটার ধোঁয়া ও ধুলাবালুর কারণে শিক্ষার্থীরা নানা রোগে ভুগছে।’
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হানিফ প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের পাশে ইটভাটা থাকলে ধোঁয়া ও ধুলাবালুর কারণে শিক্ষার্থীরা শ্বাসকষ্টজনিত নানা রোগে ভুগতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান বলেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে চরম্বা ইউনিয়নের রাজঘাটা, নোয়ারবিলা, ফকিরের খিল, মাইজবিলা, বিবির বিলা ও আদারচরসহ বান্দরবানের টংকাবতী এলাকার অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। ইটভাটায় ধোঁয়ার কারণে গরমকালে শ্রেণিকক্ষে পাঠদান চালানো কষ্টকর হয়ে পড়ে। তিনি বলেন, ছয় বছর আগে শাহ আমানত ব্রিকস (এসবিএন) নামের এই ইটভাটা চালু করা হয়।
চরম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, বিদ্যালয়ের সঙ্গে লাগানো ইটভাটা শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, ইটভাটাটির কারণে বিদ্যালয়ের পরিবেশ খুবই খারাপ হয়ে পড়েছে।
ইটভাটার মালিক মো. বাহাদুর ইটভাটার কারণে বিদ্যালয়ের সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘আমরা বিদ্যালয়টিকে আর্থিকসহ নানা সহযোগিতা দিয়ে থাকি।’ তবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এন এ নাজিম উদ্দিন ইটভাটা থেকে আর্থিক সহযোগিতা নেওয়ার কথা অস্বীকার করেন।