বিদ্যালয় ছুটি দিয়ে গরুর হাট
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ উচ্চবিদ্যালয় এবং পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরু ও সবজির হাট বসানো হচ্ছে। প্রায় সাত বছর ধরে প্রতি বুধ ও শনিবার বিদ্যালয় ছুটি দিয়ে হাট বসানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। একই কারণে গরুর মলমূত্রের দুর্গন্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ হাট বসাচ্ছেন। আর টাকার বিনিময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ হাট বসাতে ব্যবসায়ীদের অনুমতি দিয়েছেন।
গত শনিবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা যায়, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষক-শিক্ষার্থী নেই। মাঠের এক পাশে অস্থায়ী দোকান নিয়ে বসতে শুরু করেছেন সবজি ব্যবসায়ীরা। অন্য পাশে বিদ্যালয়ের বারান্দা-সংলগ্ন স্থায়ীভাবে অসংখ্য বাঁশের খুঁটি পোঁতা। ওই খুঁটিতে গরু বাধা হবে। কিছুক্ষণ পরেই গরু নিয়ে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন বিক্রেতারা। বেলা দুইটার মধ্যে মাঠে কয়েক শ গরু আনা হয়। গরুর মলমূত্রে মাঠসহ বিদ্যালয়ের বারান্দা নোংরা হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিন বসে শুধু তরকারির হাট। আর শনিবার গরু ও তরকারির হাট।
পিতলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ও পিতলগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির আরেক শিক্ষার্থী বলে, শনিবার স্কুল শেষ না করেই দুপুরে স্যাররা তাদের ছুটি দিয়ে দেন। রোববার তারা বিদ্যালয়ে এসে দেখে গরুর মলমূত্রে মাঠ ও শ্রেণিকক্ষের বারান্দা নোংরা হয়ে আছে। গরুর হাটের ইজারাদার ও যুবলীগের কর্মী ফারজুল হক বলেন, গত বৈশাখে ছয় লাখ টাকায় হাট ইজারা আনেন তিনি। এ ছাড়া পিতলগঞ্জ উচ্চবিদ্যালয়কে বছরে এক লাখ টাকা, এখানকার মসজিদকে এক লাখ টাকা ও পাশের একটি এবতেদায়ি মাদ্রাসাকে পাঁচ লাখ টাকা দিয়ে সহায়তা করা হচ্ছে।
পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, ‘বিদ্যালয় চলাকালীন মাঠে বাজার বসলেও আমাদের কোনো সমস্যা হয় না।’
পিতলগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহরিনা আক্তারকে ক্লাস ছুটি দিয়ে হাট বসানোর ঠিক কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘একদিনই তো, এলাকার লোকও চায়। সে জন্যই ছুটি দিয়ে দিই।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিন বলেন, এটি এলাকার একটি বড় বাজার, স্থানীয়ভাবে সবাই লাভবান হচ্ছে। তাই কেউ কোনো অভিযোগ করেননি। ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, বিদ্যালয়ের বারান্দায় বা মাঠে গরুর হাট বসার কথা নয়। যদি এমন হয় তাহলে এ বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।