বিদ্যালয় থেকে তুলে নিয়ে শিক্ষককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামকে (৩৯) গতকাল বুধবার সকালে বিদ্যালয় থেকে তুলে নিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। আহত জাহিদুল ইসলামকে পুলিশি পাহারায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, বুধবার সকালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চলছিল। তিনি ওই পদে একজন প্রার্থী ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে তিন থেকে চারজন তরুণ বিদ্যালয়ের শিক্ষকদের বসার কক্ষে ঢুকে তাঁকে ধরে টেনে বিদ্যালয়ের সামনের রাস্তায় নিয়ে যায়। এ সময় সেখানে অবস্থান নেওয়া আরও ১০ থেকে ১৫ জন তরুণ জাহিদুলকে উদ্দেশ করে ‘তুই পরীক্ষায় অংশ নিতে পারবি না’ বলে কিল-ঘুষি মারতে থাকে। এরপর তারা জাহিদুলকে একটি নালার মধ্যে ফেলার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনার পর দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়লা ইরাদ পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষকের ওপর হামলার বিচার দাবি করেন। এ সময় তিনি জানান, সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরে ওই পরীক্ষা নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, জাহিদুল ইসলামের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের সম্ভাবনা থাকায় তাঁর প্রতিপক্ষ কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে।
পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস বলেন, জাহিদুল ইসলামের নিরাপত্তার জন্য হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।