বিদ্যালয় পরিদর্শকের বাহাদুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সুনীল চন্দ্র দাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি মুঠোফোনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরিচয় দিয়ে বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককেও হুমকি দিয়েছেন।
প্রেষণে বদলি হয়ে নিয়মবহির্ভূতভাবে তিনি পাঁচ বছরের বেশি সময় ধরে পরিদর্শক পদে বহাল রয়েছেন। এর আগেও ক্ষমতার অপব্যবহারের অপরাধে মন্ত্রণালয়ের তদন্তে তাঁর দুটি ইনক্রিমেন্ট বাতিল হয়ে যায়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অভিযোগ, বিদ্যালয় পরিদর্শকের অনিয়ম-দুর্নীতির কারণে অনেক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রেষণে এসে পাঁচ বছরের বেশি সময় ধরে শিক্ষা বোর্ডে থাকার ব্যাপারে তিনি সব সময় খুঁটির জোর আছে বলে মন্তব্য করে থাকেন।
গত ২২ জুলাই নিজের মুঠোফোন থেকে ওই পরিদর্শক রাজশাহীর পবা উপজেলার বাগধানী উচ্চবিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতির পক্ষ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলী ইয়াসমীনকে হুমকি দেন। ২৪ জুলাই ওই শিক্ষক রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়েছে, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পরিচয় দিয়ে বলা হয়, ‘আপনি বেতন বিলে সই করছেন না কেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসের বলে আপনাকে চিঠি দিয়েছেন? আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তার চাকরি করেন নাকি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চাকরি করেন? আর অ্যাডহক কমিটি দেওয়া যাবে না। প্রধান শিক্ষককেও (বরখাস্তকৃত) বিদ্যালয়ে পুনর্বহাল করতে পারবেন না। তাঁকে বোর্ড বহিষ্কার করেছে। তা না হলে আপনার বিদ্যালয়ের সমস্যা হবে।’
মুঠোফোনে এসব প্রশ্নের জবাবে লাভলী ইয়াসমীন শুধু ‘জি স্যার’ বলে উত্তর দিয়েছেন। তবে লাভলী ইয়াসমীন তাঁর সঙ্গে দেখা করতে চাইলে তিনি ফোন কেটে দেন। এতে সন্দেহ হলে তিনি লিখিত অভিযোগ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে যান। পরে চেয়ারম্যান ওই নম্বরে ফোন দিলে সুনীলের নাম ভেসে ওঠে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে রেশম বোর্ডের একজন কর্মকর্তার সার্টিফিকেটে বয়স কমিয়ে দেন। ওই কর্মকর্তা সংশোধিত বয়সের কাগজপত্র জমা দিতে গেলে ধরা পড়েন। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তদন্তে এর সঙ্গে সুনীলের সম্পৃক্ততা পাওয়া যায়।
এর আগে ২০১২ সালে সুনীল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিধিবহির্ভূতভাবে পাবনা সদর উপজেলার পুলিশ লাইন স্কুলকে নিম্নমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দেন। পরে মন্ত্রণালয়ের উপসচিব শহীদুল ইসলাম বিষয়টি তদন্ত করে এর সত্যতা পান। এ সময় শাস্তি হিসেবে তাঁর দুটি ইনক্রিমেন্ট বাতিল হয়।
নাটোরের লালপুর উপজেলার এম আর উচ্চবিদ্যালয়ের দাতা সদস্যের ছেলে গোলাম মর্ত্তুজা অভিযোগ করেন, শুধু বিদ্যালয় পরিদর্শকের স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়টি ধ্বংস হতে চলেছে। তিনি একবার প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে চিঠি দেন। আবার সভাপতির পক্ষ নিয়েও চিঠি দেন। এই দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। জানতে চাইলে সুনীল চন্দ্র দাস বলেন, তাঁর মুঠোফোনটি টেবিলের ওপরই পড়ে থাকে। তিনি মুঠোফোনটি রেখে গেলে কেউ সেটি দিয়ে ওই শিক্ষিকাকে ফোন করে থাকতে পারেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল রউফ মিয়া বলেন, প্রধান শিক্ষককে ফোনে হুমকি দেওয়ার বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর তিনি প্রেষণে এসে নিয়মবহির্ভূতভাবে কীভাবে পরিদর্শক পদে রয়েছেন এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও রাজনৈতিক নেতারা ভালো বলতে পারবেন।