বিদ্যালয় প্রাঙ্গণে ক্লাবঘর নির্মাণের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে শ্যামগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ওই ক্লাবঘরে বসে আড্ডা, গান-বাজনাসহ নানা ধরনের কর্মকাণ্ডে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেছেন।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নে ওই বিদ্যালয়টি ১৯৭২ সালে স্থাপিত হয়। বিদ্যালয়ে শিক্ষার্থী ২৭৫ জন ও ৪ জন শিক্ষক। প্রতিষ্ঠালগ্নে টিনের তৈরি ঘর দিয়ে বিদ্যালয়ে পাঠদান শুরু হয়। সরকারিভাবে পর্যায়ক্রমে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন করা হয়। সরকারি অর্থায়নে দুটি একতালা পাকা ভবন নির্মাণ করা হয়। অবকাঠামোগত উন্নয়নের সময় প্রতিষ্ঠাকালীন সেই ঘরটি ভেঙে টিনগুলো বিদ্যালয় ভবনে সংরক্ষণ করা ছিল। এ অবস্থায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক ও শ্যামগাঁতি গ্রামের আবদুল মোন্নাফ বিদ্যালয়ের টিনগুলো দিয়ে শ্রেণিকক্ষের পাশেই ২০১৪ সালে শ্যামগাঁতি সম্প্রীতি সম্প্রসারণ সংঘ নামের একটি ক্লাবঘর নির্মাণ করেন। ক্লাবঘরটিতে প্রতিনিয়ত গান–বাজনাসহ নানা ধরনের আড্ডা বসানো হয়। এতে বিদ্যালয়ে পাঠদান ব্যাহতসহ কোমলমতি শিক্ষার্থীদের নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।
আবদুল মোন্নাফ বলেন, ‘আমরা বিদ্যালয়ে জমি দিয়ে দাতা সদস্য হয়েছি। সেই অধিকারে এলাকার একজন সমাজসেবক হিসেবে স্কুলের জায়গায় ক্লাবঘর তুলেছি ও এলাকায় সমাজসেবামূলক কার্যক্রম করছি।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আজ শুক্রবারের মধ্যে স্কুলমাঠ থেকে ওই ক্লাবঘর উচ্ছেদের ব্যবস্থা করা হবে।