বিদ্যালয় বন্ধ রেখে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের কর্মী-সমাবেশ হয়েছে। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষকেরা এই সমাবেশে যোগ দেন বলে অভিযোগ উঠেছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ।
উপজেলার মদনপুরা ইউনিয়নের সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে এই বিদ্যালয় ছাড়াও ইউনিয়নের আরও দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে শিক্ষক, শিক্ষার্থীদের ওই সমাবেশে উপস্থিত হতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় সূত্রে জানা গেছে, সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বেলা ১১টায়। চলে বেলা তিনটা পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মফিজুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, বিদ্যালয়ের মাঠে সমাবেশ করার জন্য ১০টার পরিবর্তে আটটায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোনো ক্লাস হয়নি। তবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত ছিল। প্রধান শিক্ষক মো. ইদ্রিস আহম্মেদ বলেন, ‘পাঠদান হয়নি, এ কথা ঠিক না। সমাবেশের কারণে ১০টার পরিবর্তে আটটায় ক্লাস শুরু করেছি।’
গতকাল বেলা ১১টার দিকে উপজেলার মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। মাঠে তিন কিশোরকে ক্রিকেট খেলতে দেখা যায়। এদের একজন দশম শ্রেণির শিক্ষার্থী। সে বলে, ‘আজকে কোনো ক্লাস হয়নি। সবাইকে নিয়ে হেড স্যারে চিফ হুইপের সমাবেশে গেছেন।’ এ ছাড়া মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয় ও বিপাশা দাখিল মাদ্রাসাও দুপুর পৌনে ১২টা নাগাদ বন্ধ পাওয়া যায়। তবে ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা এক-দুই বিষয়ের ক্লাস হয়েছে বলে দাবি করেন।
এদিকে গতকাল সকালে মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া জোড়া কালভার্ট এলাকায় কথা হয় আট-দশজন মাদ্রাসাশিক্ষার্থীর সঙ্গে। তারা বলে, হুজুরে (অধ্যক্ষ) যেতে বলেছেন, তাই তারা ওই সমাবেশে যাচ্ছে। তারা সবাই ঢালী আছিয়া খাতুন আলিম মাদ্রাসার শিক্ষার্থী।
এর কিছুক্ষণ পর সেখানে মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হালিম তাঁর প্রতিষ্ঠানের সব শিক্ষককে নিয়ে হাজির হন। তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাঁরা ওই অনুষ্ঠানে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সব বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা বা ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। বাধ্য হয়ে তাঁরা সভায় উপস্থিত হয়েছেন।
মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মফিজুর রহমান বলেন, ‘কোনো শিক্ষার্থী বা শিক্ষককে সমাবেশে আসতে বাধ্য করা হয়নি। যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁরা নিজেদের ইচ্ছায় এসেছেন।’