বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আদর্শ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের জমিদাতা ইরশাদুল হককে (৫২) গতকাল শনিবার চাকরিপ্রত্যাশী পরিবারের সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। ইরশাদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরশাদুলের বিরুদ্ধে চাকরিপ্রত্যাশী পরিবারের পক্ষ থেকে ১০ লাখ টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে ইরশাদুল টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই বিদ্যালয়ের শূন্য ও নবসৃষ্ট পদে ছয়জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে পাঁচজন সহকারী শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। সামাজিক বিজ্ঞান পদে আগে থেকে দুজন শিক্ষক থাকায় ওই পদে শিক্ষকের প্রাপ্যতা (দরকার) না থাকায় নিয়োগ দেওয়া হয়নি। সামাজিক বিজ্ঞান পদে চাকরিপ্রত্যাশী ছিলেন মরিয়ম খাতুন। মরিয়মের পরিবারের দাবি, মরিয়মকে সামাজিক বিজ্ঞান পদে চাকরি দেওয়ার কথা বলে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইরশাদুল ও প্রধান শিক্ষক নায়েব আলী তাদের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। চাকরি না হওয়ায় মরিয়মের পরিবার ওই টাকা ফেরত দেওয়ার দাবি করছিল। এ নিয়ে গতকাল দুপুরে কালমাটি আনন্দবাজার চৌমাথা এলাকায় ইরশাদুলের সঙ্গে মরিয়মের শ্বশুর শহিদুর রহমান ও তাঁর তিন ছেলেসহ ১৫ থেকে ২০ জনের প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা ইরশাদুলকে মারধর করেন। একপর্যায়ে ইরশাদুলকে হামলাকারীরা ওই বিদ্যালয়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরশাদুল বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে মোটা অঙ্কের ডোনেশন নিয়েছি—এমন প্রচার চালিয়ে শহিদুরের পরিবারের সদস্যরা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গতকাল আমাকে মারধর করেন। পরে পুলিশ আমাকে উদ্ধার করে। আমি মরিয়মের চাকরির জন্য টাকা নিইনি। মরিয়মের পরিবার তাঁর চাকরির জন্য বিদ্যালয়ে জমি দিতে চেয়েছিল, কিন্তু মরিয়মের চাকরি না হওয়ায় আমরা জমি নিইনি।’ প্রায় একই রকম কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়েব আলী।
তবে মরিয়মের স্বামী আবদুল মজিদ বলেন, ‘আমরা চাকরির জন্য প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে জমা দেওয়া ১০ লাখ টাকা ফেরত চেয়েছি। আমরা ইরশাদুলকে মারধর করিনি। তবে ইরশাদুলকে বিদ্যালয়ে নিয়ে যেতে চাইলে তিনি রাজি না হওয়ায় জোর করে নেওয়ার সময় হয়তো তিনি রাস্তায় পড়ে আঘাত পেতে পারেন।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ইরশাদুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।