বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভাদুয়া উচ্চবিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির ওপর হামলা হয়েছে। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ও তাঁর স্বামী এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার পীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সহকারী প্রধান শিক্ষক, গ্রন্থাগারিক ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একজন করে লোক নিয়োগের পরীক্ষা হওয়ার কথা ছিল।
পরীক্ষায় অফিস সহকারী পদে তিনজন প্রার্থী উপস্থিত হওয়ায় তাঁদের পরীক্ষা নিয়ে একজনকে চূড়ান্ত করা হয়। অন্য দুই পদে দুজন করে প্রার্থী উপস্থিত হওয়ায় ওই দুটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করে নিয়োগ কমিটি।
দুপুরে সভাপতি জুলফিকার আলম কয়েকজনের সঙ্গে বিদ্যালয়ের মাঠে বসে ছিলেন। এ সময় ভাদুয়া উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক তাজনিহার বেগম ও তাঁর স্বামী (গ্রন্থাগারিক পদের প্রার্থী) বাবুল এসে তাঁকে টেনেহিঁচড়ে মাঠের মাঝখানে নিয়ে গিয়ে কিলঘুষি মারতে থাকেন।
জুলফিকার আলম বলেন, ‘ওরা স্বামী-স্ত্রী আমার গলা চিপে ধরে আমাকে শ্বাসরুদ্ধ করতেও চেষ্টা করে।’
এ ব্যাপারে কয়েকবার চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় তাজনিহার বেগমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাবুল মুঠোফোনে বলেন, ‘আমি এখন আপনার সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’ এরপর তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।