বিদ্যালয় ভবন দখলের অভিযোগ

পাবনার সাঁথিয়া উপজেলার আফতাবনগর উচ্চবিদ্যালয়ের একটি দোতলা ভবন একই ক্যাম্পাসে থাকা আফতাবনগর মোমিনিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ গত মঙ্গলবার রাতের আঁধারে দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশাদ আলী ভবন দখলের বিষয়টি বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাঁথিয়া থানা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, বিদ্যালয়ের নামে ভবনটি নির্মিত হলেও জায়গাটি মাদ্রাসার। শ্রেণিকক্ষের সংকট থাকায় কয়েকটি কক্ষ খুলে বুধবার থেকে তারা সেখানে পাঠদান শুরু করেছে।
মরহুম আফতাব উদ্দিন নামের এক ব্যক্তির দান করা জমিতে ১৯৬৫ সালে আফতাবনগর উচ্চবিদ্যালয় ও ১৯৫১ সালে আফতাবনগর মোমিনিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান দুটির আঙিনা (ক্যাম্পাস) ও প্রবেশপথ একই।
বিদ্যালয় কর্তৃপক্ষের করা অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালে বিদ্যালয়ের জায়গায় মাদ্রাসার একটি ঘর ছিল। শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সেই ঘরটির জায়গায় ২০০৮ সালে একটি একতলা ভবন নির্মাণ করা হয়। ওই ভবনের দুটি কক্ষ মাদ্রাসা ও বাকিগুলো বিদ্যালয়টি ব্যবহার করে আসছিল। গত ২০ ডিসেম্বর শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ওই ভবনের দ্বিতীয় তলা নির্মাণের পর ঠিকাদার ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এরপর থেকে দ্বিতীয় তলায় ওঠার কলাপসিবল গেট তালাবদ্ধ ছিল। নিচতলার একটি কক্ষ বিদ্যালয় ও দুটি কক্ষ মাদ্রাসা ব্যবহার করে আসছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ দোতলায় ওঠার কলাপসিবল গেটের ও দোতলার কক্ষগুলোর তালা ভেঙে তাদের চেয়ার, টেবিল ও বেঞ্চ বসিয়ে ভবনটি দখলে নিয়ে নেয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশাদ আলী বলেন, ‘ভবনটি বিদ্যালয়ের জায়গায় নির্মিত। সম্প্রতি বিদ্যালয়ের উত্তর দিকে মাদ্রাসার জন্য একটি ভবন নির্মিত হয়েছে। কিন্তু তারা সেটি অব্যবহৃত অবস্থায় ফেলে রেখে আমাদের ভবন দখল করে নিয়েছে।’
বিদ্যালয়ের সভাপতি মর্তুজ আলী বলেন, ‘দোতলা ভবনটি আমাদের আর একতলা ভবনটি ওদের (মাদ্রাসার)। আমাদের জায়গায় ওদের একতলা ভবনটি করতে দিয়েছিলাম। কিন্তু ওরা একতলা ভবনের পরিবর্তে আমাদের দোতলা ভবন চাইছে।’
মাদ্রাসার সহকারী সুপার আবদুল আলীমসহ সাত-আটজন শিক্ষক বলেন, ২০০৭ সালে বিদ্যালয়ের নামে যখন ভবন বরাদ্দ হয়, তখন বিদ্যালয়টিতে ভবন করার মতো জায়গা ছিল না। তৎকালীন ইউএনও দুটি প্রতিষ্ঠানেরই সভাপতি ছিলেন। তিনি দুই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে বৈঠক করে মাদ্রাসার ঘরের জায়গায় বিদ্যালয়টির ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন। ভবনের কক্ষ দুই প্রতিষ্ঠানই ব্যবহার করতে পারবে। সে অনুযায়ী মাদ্রাসার ঘর ভেঙে সেখানে ভবন হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের তদবিরেই দ্বিতীয় তলার নির্মাণ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর ঠিকাদার বিদ্যালয় কর্তৃপক্ষকে ভবন হস্তান্তর করলেও এর চাবি মাদ্রাসা কর্তৃপক্ষকে দিয়ে যান। মাদ্রাসায় কক্ষসংকট থাকায় তাঁরা দোতলার কক্ষগুলোর তালা খুলে পাঠদান শুরু করেছেন। দখলের অভিযোগ ঠিক নয়।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম গতকাল শুক্রবার বলেন, দুই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি এর আগে সিদ্ধান্ত নিয়েছিল, উত্তর পাশে মাদ্রাসার নির্মিত ভবনটি বিদ্যালয় ব্যবহার করবে। বিনিময়ে তারা মাদ্রাসা-সংলগ্ন দোতলা ভবনটি মাদ্রাসাকে ছেড়ে দেবে।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর দুই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিকে বিষয়টি সুরাহা করতে বলেছি। তারা ব্যর্থ হলে তখন আমরা ব্যবস্থা নেব।’