বিদ্যালয় ভাঙায় বিশিষ্ট নাগরিকদের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দুটি প্রাথমিক বিদ্যালয় ভাঙা ও দখলের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, রাজধানীর বেইলী রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিরপুর-২-এ চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় জোর করে ভেঙে ফেলেছে ভূমিদস্যুরা। বিশিষ্টজনেরা বলেছেন, ‘এই পরিস্থিতিকে আমরা বাধ্যতামূলক সার্বজনীন শিক্ষার ওপর আক্রমণ বলে গণ্য করছি।’ তাঁরা আরও বলেছেন, জমিসংক্রান্ত জটিলতা তৈরি করে বিশেষ মহলের ভূমিদস্যুতার শিকার ওই স্কুল দুটির শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে পরীক্ষা দিতে বাধ্য হয়েছে। বিষয়টি ‘সবার জন্য শিক্ষা’র রাষ্ট্রীয় অঙ্গীকার এবং শিশু অধিকার সনদের চূড়ান্ত লঙ্ঘন ও মানবাধিকার পরিপন্থী।
বিবৃতিদাতারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দীন খান, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রমুখ।
বিবৃতিতে বলা হয়, অঙ্গীকার অনুযায়ী এখনো প্রতিটি শিশুকে বিদ্যালয়ে আনতে ও ধরে রাখতে পারেনি সরকার। সেখানে এ ধরনের ঘটনা অঙ্গীকারকে ব্যাহত করবে। ওই স্কুল দুটির শিক্ষার্থীদের শিক্ষার প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশিষ্ট নাগরিকেরা দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি।