বিদ্যালয় মাঠে ইট-বালু-খোয়ার স্তূপ

নওগাঁর বদলগাছির চক বনমালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে এক জরুরি সভায় শিক্ষার্থীদের অভিভাবকেরা এ অভিযোগ করেন।
সভায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোটা অঙ্কের টাকার বিনিময়ে চার মাস আগে গোপনে মাঠটি ভাড়া দিয়েছেন বলে শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিবসহ শতাধিক অভিভাবক ওই সভায় উপস্থিত ছিলেন।
সভায় অভিভাবকেরা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের মাঠজুড়ে নির্মাণসামগ্রী ও মেশিনপত্র বসিয়েছে। এতে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত মাঠটি অবমুক্ত না করা হলে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
বিদ্যালয়ের ১২ জন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, অক্টোবর মাসে হঠাৎ করেই জামিল ইকবাল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল বিদ্যালয়ের মাঠে রাখা হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের মাঠের এক পাশে খোয়া-পাথর ভাঙার মেশিন ও মিক্সচার মেশিন বসায়। তখন অভিভাবকেরা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে জানালে তাঁরা জানান, মাঠের এক পাশে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মালামাল রাখতে দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অভিভাবকদের জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির কাছ থেকে তাঁরা মাঠটি ভাড়া নিয়েছেন।
সুলতান আলী নামের এক অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয় মাঠটিতে শিক্ষার্থীরা খেলাধুলা করত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোপনে লক্ষাধিক টাকায় মাঠটি ভাড়া দেওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের জামা-কাপড় ধুলাবালুতে নোংরা হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাসিনা বেগম বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের না জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছে। এ ঘটনার প্রতিবাদ করেও লাভ হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মর্ত্তুজা বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমাকে ভুল বুঝিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর নিয়েছেন। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘৩০ হাজার টাকায় মাঠটি ভাড়া দিয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে এই কাজটি করা হয়েছে।’
বদলগাছি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কমিটিকে বলা হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত চারজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানটির অধীনে জেলার পত্নীতলা উপজেলায় সড়ক নির্মাণের কাজ চলছে। আগামী জুন মাসে সড়ক নির্মাণের কাজ শেষ হতে পারে। চক বনমালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি ভাড়া নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল রাখা হয়েছে।