বিদ্যালয় সংস্কারের নামে অর্ধকোটি টাকা লুটপাট
বগুড়ার ধুনট উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয় ভবন সংস্কারকাজের প্রায় অর্ধকোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে এ টাকা লুটপাট করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর থেকে উপজেলার মোট ৭৬টি বিদ্যালয়ে মেরামতকাজের জন্য প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ২৬টি বিদ্যালয়ে এক লাখ করে মোট ২৬ লাখ ও ৩০ হাজার করে ৩৫টি বিদ্যালয়ের ১৩ লাখ ৫০ হাজার এবং ৪৬টি বিদ্যালয়ে ২০ হাজার করে ৯ লাখ ২০ হাজার টাকাসহ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ টাকা দিয়ে বিদ্যালয়ের জানালা, দরজা, গ্রিল, শৌচাগার মেরামত ও রং-বার্নিশ করানোসহ বিভিন্ন ধরনের হালকা মেরামতের কাজ করানোর কথা। নিয়মানুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে বরাদ্দের সমপরিমাণ টাকা ব্যয় করে আগে কাজ করতে হবে। কাজ শেষ হলে একজন উপজেলা সহকারী প্রকৌশলী ও সহকারী শিক্ষা কর্মকর্তার তদন্ত সাপেক্ষে ছাড়পত্র নিতে হবে। সেই ছাড়পত্র দেখিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরে ব্যাংক থেকে ২০১৫ সালের মধ্যেই মেরামতের টাকা তুলতে হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, মেরামতের নামে শুধু বিদ্যালয়গুলোর সামনের কিছু অংশ লেপে দিয়ে পুরো বরাদ্দের টাকাই তুলে নেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মণ্ডল (চলতি দায়িত্বে), বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির যোগসাজশে এ দুর্নীতি হয়েছে বলে জানা যায়।
গত শনি ও রোববার আনারপুর, চরপাড়া, বগামানিকপটল, হটিয়ারপাড়া, গজিয়াবাড়ি, বড়িয়া, গজারিয়া, চানদিয়ারসহ একাধিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, লুটপাট ধরা পড়ার ভয়ে মানুষের চোখকে ফাঁকি দিতে বিদ্যালয় ভবনের সামনের অংশে দায়সারা চুনকাম করা হয়েছে। বিদ্যালয়ের দরজা-জানালা এখনো ভাঙা। এসব বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁদের ভয়ে এলাকার কেউ লিখিত অভিযোগ দিতে সাহস পাননি বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি ও শিক্ষকেরা জানিয়েছেন।
বিদ্যালয়গুলোর শিক্ষকেরা বদলি ও শাস্তির ভয়ে মুখ খুলতে রাজি হননি। তারপরও নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, বরাদ্দের শতকরা ৪০ শতাংশ টাকা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দিতে হয়েছে। এ ছাড়া ছাড়পত্র নিতে উপজেলা প্রকৌশলীদেরও দিতে হয়েছে। পরিচালনা কমিটির সভাপতিও আছেন। সবাইকে ভাগ দিয়ে আর টাকাই থাকে না। কাজ হবে কী দিয়ে। তাঁরা আরও বলেন, শিক্ষকেরা এ টাকার কোনো ভাগই পাননি। অনেকে বরাদ্দের বিষয়ে কিছু জানেনও না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের কাজ তদারকি শেষে পুরোপুরি বুঝে নিয়ে ছাড়পত্র দেওয়ার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী কার্যালয়। তাঁদের ছাড়পত্র দেখেই বিল পরিশোধ করা হয়েছে। এখানে আমার টাকা তছরুপের কোনো সুযোগ ছিল না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের ভিক্তিতে আনারপুরসহ পাঁচ-সাতটি বিদ্যালয় তদন্ত করে লুটপাটের সত্যতা পেয়েছি। এ ছাড়াও অনেক বিদ্যালয় ৫০ ভাগ কাজও হয়নি বলে সরেজমিনে দেখা গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’