বিদ্যালয়টি বেদখল হয়ে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমাণ পাওয়া গেছে, এসএ এবং আরএস—কোনো খতিয়ানেই আবদুল কাদেরের বাবা আবদুল জব্বারের নাম নেই। তার পরেও আবদুল কাদেরের দাবি, তিনি আদালতের রায় পেয়েছেন। এ জমি তাঁর পৈতৃক। তিনি তাঁর বাবার নামে জমি খারিজ করাতে চান।
দুই মাস আগে রাজশাহী নগরের বোয়ালিয়া ভূমি কার্যালয়ে এ নিয়ে তুমুল বাগ্বিতণ্ডা হয়েছে। জমির ওপরে রয়েছে নগরের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি ৪৮ বছর আগে স্থাপিত। এলাকাবাসী যান বিদ্যালয়ের পক্ষ হয়ে। সমাধান না হওয়ায় আগামী ২৭ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর মহাফেজখানা এবং বোয়ালিয়া থানা ভূমি কার্যালয়ের কোথাও রাজশাহী নগরের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির এসএ খতিয়ান নেই। যা আছে তা এতই ছেঁড়া যে লাল পুঁটলিতে করে বেঁধে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, এ সুযোগে লক্ষ্মীপুর এলাকার আবদুল কাদের দাবি করে বসেছেন, এসএ খতিয়ানটি তাঁর বাবা আবদুল জব্বারের নামে ছিল। একটা ফটোকপিও তাঁর কাছে আছে। তাঁর দাবি অনুযায়ী পরবর্তী সময়ে প্রকাশিত আরএস খতিয়ানটি ভুলবশত রাজশাহী পৌরসভার নামে হয়েছে। তিনি মামলা করে তাঁর পক্ষে আদালতের রায় পেয়েছেন।
এখন আবদুল কাদের বিদ্যালয়ের পুরো জমি তাঁর বাবার নামে খারিজ করাতে গেছেন। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষের ডাক পড়ে। তারা দৌড়াদৌড়ি শুরু করে। রাজশাহীতে না পাওয়া গেলেও শেষ পর্যন্ত ঢাকায় পাওয়া গেছে এসএ খতিয়ান। তাতে দেখা যাচ্ছে, খতিয়ানটি রয়েছে সরকারি প্রতিষ্ঠান সিঅ্যান্ডবির নামে। তাদের কাছ থেকে পরে রাজশাহী পৌরসভা নিয়েছে। এ জন্য পরবর্তী খতিয়ানটি পৌরসভার নামে হয়েছে। আবদুল জব্বারের নাম কোথাও নেই।
তার পরেও আবদুল কাদের দমেননি। তাঁর দাবি, আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন, বিদ্যালয়ের জমি তাঁর পৈতৃক সম্পত্তি। আবদুল কাদের বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ যে কাগজ জোগাড় করেছে, তা ভুয়া।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জমশেদ আলী বলেন, ১৯৬৬ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। সিএস খতিয়ানে এ জমির মালিক হচ্ছেন করিমুননেছা বিবি, আরিমন নেছা বিবি ও মতি বেওয়া। পরবর্তী সময়ে প্রকাশিত এসএ খতিয়ানে জমির মালিক সিঅ্যান্ডবি ও আরএস খতিয়ানে রাজশাহী পৌরসভা। আশির দশকে রাজশাহী পৌরসভা রাজশাহী সিটি করপোরেশনে রূপান্তরিত হয়। তার পর থেকে এর মালিক রাজশাহী সিটি করপোরেশন।
সভাপতি জানান, গত ২ ফেব্রুয়ারি তাঁরা বিদ্যালয়ের আঙিনার ভেতরে জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে ওয়াস ব্লক নির্মাণ করতে গেলে আবদুল কাদের তাঁদের বাধা দেন। এমনকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও মিস্ত্রির নামে আদালতে মামলা করে দেন।
প্রধান শিক্ষক নাসিমা বেগম বলেন, এর পর থেকে তিনি খোঁজখবর নিতে গিয়ে দেখেন, আবদুল কাদের ২০০৫ সালে জমির মালিকানা দাবি করে মামলা করলে আদালত তাঁর (আবদুল কাদের) পক্ষে রায় দেন। পরে আপিল করা হলেও বিভিন্ন সময়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক পরিবর্তন হওয়ার কারণে আদালতের নির্দেশনা প্রতিপালন করতে না পারায় আপিলও খারিজ হয়ে যায়।