বিদ্যালয়ে অনুষ্ঠানের নামে কোটি টাকার চাঁদাবাজি
>নেত্রকোনার পূর্বধলার উপজেলা আ.লীগের কয়েক নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জগৎমণি পাইলট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান আগামী শুক্র ও শনিবার। এ অনুষ্ঠানকে ঘিরে উৎসব কমিটিতে থাকা আওয়ামী লীগের কয়েকজনের বিরুদ্ধে কোটি টাকার ওপর চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এতে দলটির অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
উৎসব উদ্যাপন কমিটির সদস্য পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সমর্থক সিদ্দিকুর রহমান গত মঙ্গলবার বলেন, ‘আমরা চাপ দিয়ে টাকা নিই না। সবাই খুশি হয়ে যে যা দিচ্ছে তা-ই নিচ্ছি। কেউ যদি বলেন, টাকা দিয়ে কষ্ট পেয়েছেন, তাহলে তাঁর টাকা ফেরত দেব। মাত্র ২১৫ জন ব্যবসায়ীকে টাকা ধরা হচ্ছে। অনেক টাকার প্রয়োজন। গত সোমবার পর্যন্ত দেখা গেছে, এখনো ৩৫ লাখ টাকা হয়নি।’
তবে এ বিষয়ে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, এই উৎসবকে কেন্দ্র করে প্রায় তিন কোটি টাকা আদায় করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত ২৫ আগস্ট ওই বিদ্যালয়ে শতবর্ষ উদ্যাপন ও বাস্তবায়ন প্রস্তুতি কমিটির সভা হয়। এতে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালকে ‘শতবর্ষ উদ্যাপন উৎসব ২০১৬’-এর সভাপতি ও প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদারকে সদস্যসচিব করে কমিটি করা হয়। উৎসবে নিবন্ধন করার জন্য বর্তমান শিক্ষার্থীদের ২০০ ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা করে ধার্য করা হয়। গত সোমবার পর্যন্ত প্রাক্তন ১ হাজার ৬০১ জন ও বর্তমান ১ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর নিবন্ধন হয়েছে।
ভুক্তভোগী ব্যক্তি ও উৎসব উদ্যাপন কমিটি সূত্র জানায়, শতবর্ষ উদ্যাপন কমিটিতে নাম থাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং সদর ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ কয়েকজন উৎসবের খরচ জোগাতে তালিকা করেন। এতে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, সার ডিলার, চালকল, চাতাল, চালের ডিলার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সাব রেজিস্ট্রারের কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতিসহ উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের তালিকা করে চাঁদা ৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়। সদর বাজারের ব্যবসায়ীদের ১ হাজার থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। উপজেলা শহরের কয়েক শ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা বলেন, ওই উৎসব বাবদ তাঁদের পাঁচ হাজার করে টাকা দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলে দিয়েছেন। তবে শফিকুল বারী বলেন, নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হয়নি। অনেক প্রতিষ্ঠান দুই হাজার টাকা করেও দিচ্ছে।
চালকলের মালিক আজিজ মোড়ল বলেন, ‘অটো রাইস মিলকে ২০ হাজার, চাতাল ও চালের ডিলারদের ৫ হাজার করে টাকা দেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান মৌখিকভাবে বলেছেন।’ এ বিষয়ে মোয়েতাছেমুর রহমান বলেন, ‘উদ্যাপন প্রস্তুতি কমিটির সভায় উপজেলার সব কর্মকর্তার উপস্থিতিতে সব বিভাগের কাছে কিছু সাহায্য চাওয়া হয়েছিল। চাপ দিয়ে টাকা নেওয়া হয়নি। অনেক মিল মালিক এখনো টাকা দেননি।’
স্টেশন রোড বাজারের রঙের দোকানদার বিজয় চন্দ্র সরকার বলেন, ‘আমাকে দুই হাজার টাকা চাঁদার রসিদ দেওয়া হয়েছে। আমি এক হাজার টাকা দিতে চেয়েছি। কিন্তু চেয়ারম্যান কাক্কু (সিদ্দিকুর রহমান) বলেছেন এক টাকাও কম হবে না। নির্ধারিত টাকা না দিলে দোকান বন্ধ করে চলে যেতে হবে।’
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ওষুধ ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান আজাদ বলেন, ‘চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে আমার কাছে ২৫ হাজার টাকার রসিদ দিয়েছেন।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ও উৎসব উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মনির মণ্ডলসহ কয়েকজন বলেন, এভাবে চাঁদাবাজি করে টাকা তোলায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
উৎসব কমিটির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘কাউকে টাকার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে না। যে যেমন পারছে, তেমনি দিচ্ছে। প্রতিপক্ষ এমন অপবাদ রটাচ্ছে।’
উৎসব কমিটির সভাপতি ও সাংসদ ওয়ারেসাত হোসেন গত মঙ্গলবার বলেন, ‘একটি বড় অনুষ্ঠান হচ্ছে। কাউকে নির্দিষ্ট হারে চাঁদা ধরা হয়নি। এটা চাঁদাবাজি নয়। যে যা পারে খুশিমতো সাহায্য করে।’