বিদ্যালয়ে আ.লীগ নেতার তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী মডেল স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ও তাঁর সমর্থকেরা। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে দুই দিন ধরে ওই বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, গত সোমবার বিকেলে চরবংশী মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কাদের বিজয়ী করা হবে, তা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় কিছু লোকজন। এর জের ধরে মঙ্গলবার সকালে উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান ও তাঁর অনুসারীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় তাঁরা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিিটর পরিচালক আবদুল হামিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৪৭০ জন শিক্ষার্থী পড়াশোনা করে।
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. হাছান ও ষষ্ঠ শ্রেণির কোরেসা ইয়াসমিন জানায়, বিদ্যালয়ে তালা দেওয়ার কারণে তাদের পড়ালেখা বন্ধ রয়েছে।
অভিভাবক মোহন হাওলাদার বলেন, ‘বিদ্যালয়ে তালা দেওয়ার অধিকার কারও নেই। শিক্ষার পরিবেশ বিনষ্ট করতে পরিকল্পিতভাবে এ সমস্যা সৃষ্টি করা হয়েছে। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
আওয়ামী লীগের নেতা মফিজুর রহমান খান দাবি করেন, ‘বিতর্ক প্রতিযোগিতার নামে কৌশলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এ জন্য আমি এলাকার লোকজনকে নিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি। শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে।’
চরবংশী মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, ‘বিদ্যালয় গেটে তালা দেওয়ার কারণে দুই দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। এখন আমাকেও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী বলেন, ‘বিদ্যালয়ে তালা মারার বিষয়টি কেউ আমাকে জানায়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’