বিদ্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক বিদ্যালয়ে গতকাল রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে ১০ শিক্ষার্থী আহত হয়।
শহীদ স্মৃতি কিন্ডারগার্টেন নামের বিদ্যালয়টি উপজেলার পাগলা থানার শিলাবাজার এলাকায় অবস্থিত।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ করে বিদ্যালয়ে ঢুকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার কথা বলে আতঙ্ক ছড়ায়। আতঙ্কের সময় হুড়োহুড়িতে ১০ শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রধান শিক্ষক লিমা আক্তার বলেন, অনুষ্ঠান চলাকালে অতর্কিতভাবে একদল লোক এসে বিদ্যালয়ের চারদিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। কেন এ ঘটনা ঘটেছে তা তাঁরা বুঝতে পারছেন না।
স্থানীয় কয়েক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে দুজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিরোধ রয়েছে।
পাগলা থানার ওসি চান মিয়া বলেন, ইউপি নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।