বিদ্যালয়ে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়টি খুঁজে পেতে সমস্যা হয়নি। সদরঘাট মোড়ে ফুটপাতের একজন ব্যবসায়ী দেখিয়ে দিয়ে বললেন, আরেকটু এগিয়ে গেলে হাতের ডান পাশে মিলবে। বোঝা গেল, ৬৩ নম্বর প্যারিদাস রোডে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচিতি আছে বেশ।
কিন্তু চিন্তায় পড়তে হলো প্রতিষ্ঠানটির সামনে গিয়ে। শুধু ওপরে েঝালানো সাইনবোর্ড ছাড়া বোঝার উপায় নেই, এটি ৪০ বছরের বেশি সময় ধরে পরিচালিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ভেতরের চিত্রটি আরও নাজুক। দেয়ালে েঝালানো শিক্ষাসংক্রান্ত কিছু পোস্টার আর ধুলো পড়া চেয়ার-টেবিল ছাড়া প্রাতিষ্ঠানিক উপকরণ কিছুই দেখা গেল না। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পরপরই এ চিত্র।
‘কেউ কি আছেন?’ বেশ কয়েকবার চিৎকার করেও দারোয়ান কিংবা নিরাপত্তাকর্মী কারও সাড়া মিলল না। নিরুপায় হয়ে এগিয়ে গিয়ে একটি শ্রেণিকক্ষে দেখা গেল, কাঁথা শুকাতে দেওয়া হয়েছে সেখানে। রয়েছে গৃহস্থালির আসবাব। বোঝাই যাচ্ছিল এখানে কেউ বসবাস করেন। প্রতিষ্ঠানের দ্বিতীয় কক্ষটির ভেতরেই ভবনের দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় জন্য কোনো দপ্তরও দেখা যায়নি। বরং দ্বিতীয় তলার সিঁড়িটি বিদ্যালয়ের কক্ষের মাঝখানে হওয়ায় ওপরে ওঠার কাজেও ব্যবহার করছেন বাসিন্দারা।
ঘুরে দেখা গেল, বিদ্যালয়ের মাত্র তিনটি কক্ষে শিক্ষা কার্যক্রম চলে। অফিস কক্ষ বলতে কিছুই নেই। বিদ্যালয়ের বাসিন্দাদের থাকার এবং প্রাত্যহিক কাজের জন্য রান্নাঘর এবং টয়লেটের ব্যবস্থা থাকলেও বিদ্যালয়ের শিক্ষক কিংবা শিক্ষার্থীদের জন্য টয়লেটের কোনো ব্যবস্থা দেখা যায়নি। বাকিগুলোতে বসবাস করছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র দাসের পরিবারের সদস্যরা। তাঁদেরই একজন কমল সাহা দুখু। তিনি জানালেন, বিদ্যালয়টি তাঁদের পূর্বপুরুষের জমির ওপরই প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়ের জন্য তিনটি কক্ষ রেখে পেছনের অংশ এবং দোতলার বাকি অংশে তাঁরা বাস করছেন।
বিদ্যালয়ের প্রবেশপথটিই ব্যবহার করছেন আবাসিক বাসিন্দারা। এতে বিদ্যালয়ের কার্যক্রমে কোনো অসুবিধা হয় না বলে দাবি করেন কমল সাহা। বললেন, ‘আমরা তো শুরু থেকেই এখান দিয়ে যাওয়া-আসা করছি, কোনো সমস্যা হয় না।’
খোঁজ নিয়ে প্রধান শিক্ষকের দেখা মিলল না। তাঁর মুঠোফোন নম্বরও জোগাড় করা সম্ভব হয়নি। স্কুলের একজন শিক্ষককে পাওয়া গেলেও তিনি কথা বলতে রাজি হননি।
তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, এই জায়গা বিদ্যালয়ের।