বিদ্যালয়ে যাচ্ছে না মেয়েটি
পিরোজপুরের সদর উপজেলায় এক স্কুলছাত্রীর (১৩) আপত্তিকর ছবি মুঠোফোনে ছড়িয়ে দেওয়ায় লজ্জায় মেয়েটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
মাস খানেক আগে সদর উপজেলার মরিচাল এলাকার জিয়াউল শেখ (২৫) মেয়েটিকে ডেকে নিয়ে মুঠোফোনে আপত্তিকর ছবি তোলেন।
এ ঘটনায় মেয়েটির বাবা গত মঙ্গলবার জিয়াউল শেখকে আসামি করে থানায় মামলা করেন।
পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, মরিচাল এলাকার জিয়াউল শেখ মেয়েটিকে ডেকে নিয়ে আপত্তিকর দৃশ্য মুঠোফোনে ধারণ করার পর মেয়েটি বাড়ি ফিরে এ ঘটনা তার মা ও বোনকে জানায়। এরপর মেয়েটির পরিবার জিয়াউলকে ভিডিওটি মুছে ফেলার জন্য অনুরোধ করেন।
কিন্তু জিয়াউল মেয়েটির পরিবারের দুর্বলতার সুযোগ নিয়ে উল্টো মেয়েটিকে তাঁর কাছে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। এতে মেয়েটি রাজি না হলে তিনি ভিডিওটি মুঠোফোনে ছড়িয়ে দেন। এরপর থেকে মেয়েটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ রেখেছে।
মেয়েটির বাবা বলেন, ‘মুঠোফোনে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি জানার পর আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি এ ঘটনায় থানায় মামলা করার পর জিয়াউলের পক্ষ থেকে আমার পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈদের ছুটির পর থেকে মেয়েটির বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আসামি বর্তমানে পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।