বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে বাধার অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, শহীদ মিনার নির্মাণের জন্য কেনা ইট, িসমেন্ট, রডসহ বিভিন্ন মালামাল বিদ্যালয় থেকে জোর করে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তাঁর লোকজন নিয়ে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দ করা অর্থে উপজেলার কয়েকটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী উপজেলার ভেলাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য ইট, সিমেন্ট, রডসহ বিভিন্ন মালামাল কিনে বিদ্যালয় ঘরে রাখা হয়। জায়গা সমস্যার কারণে গত সোমবার বিদ্যালয়ের সীমানা প্রাচীরের সামান্য অংশ ভেঙে সেখানে শহীদ মিনার তৈিরর কাজ শুরু করেন নিযুক্ত রাজমিস্ত্রিরা। এ অবস্থায় ভেলাগুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমানসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা-কর্মী তাতে বাধা দেন। একপর্যায়ে ওই ইউপি সদস্যর নেতৃত্বে শহীদ মিনার নির্মাণের জন্য আনা মালামাল নিয়ে যাওয়া হয়।
ভেলাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা ফরিদা বেগম বলেন, গত সোমবার সকালে বিদ্যালয়ে ওই শহীদ মিনার নির্মাণের কাজ করছিলেন মিস্ত্রিরা। এ সময় মজিবরসহ কয়েকজন লোক এসে তাঁদের না জানিয়ে কাজ শুরু করার জন্য গালমন্দ করেন। পরে তাঁরা জোর করে ইট, সিমেন্ট, রডসহ বিভিন্ন মালামাল ভ্যানে তুলে নিয়ে যান। এ নিয়ে ইউপি সদস্য মজিবরসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানতে চাইলে মজিবর বলেন, ‘বিদ্যালয়ের দেয়াল ভেঙে শহীদ মিনার নির্মাণের কাজ করায় দলীয় (আওয়ামী লীগের) লোকজন প্রথমে তাতে বাধা দেন। পরে আমি গিয়ে ৮৫টি ইট, হাফ বস্তা খোয়া ও ১০টি ভাঙা ইট নিয়ে এসে ইউনিয়ন পরিষদে রেখেছি।’
ভেলাগুড়ির ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, ‘প্রধান শিক্ষক আমাকে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান বলেন, প্রধান শিক্ষককে থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ঘটনাটি দেখতে একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের বিষয় তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’
হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বলেন, ‘বিদ্যালয়ে অবশ্যই শহীদ মিনার নির্মাণ করা হবে। এ জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সরকারি টাকায় তৈির করা সীমানা প্রাচীর ভেঙে ফেলার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখে উভয় পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’