বিদ্যালয়ের অনুষ্ঠান বানচালের চেষ্টা ছাত্রলীগের
লক্ষ্মীপুরের রামগঞ্জ দল্টা রহমানিয়া উচ্চবিদ্যালয় ও এর আশপাশের এলাকায় গতকাল সোমবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল একই সময় সংবর্ধনা অনুষ্ঠান এবং ছাত্রলীগ শোকসভা আয়োজন করায় প্রশাসন পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের আমন্ত্রণ না করায় সংবর্ধনা অনুষ্ঠান বানচাল করতে তাঁরা শোকসভা করার আহ্বান জানিয়েছেন। তবে ছাত্রলীগ ওই অভিযোগ অস্বীকার করেছে।
এলাকাবাসী জানায়, সম্প্রতি দল্টা রহমানিয়া উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান গতকাল দুপুরে হওয়ার কথা ছিল। হঠাৎ করে রোববার সন্ধ্যায় একই স্থানে ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের নাম দিয়ে ওই স্থানে শোকসভার কথা বলে মাইকিং করে। একই সময় স্থানীয় ছাত্রলীগ নেতা পলাশের নেতৃত্বে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য নির্মাণ করা তোরণের একটি ডিজিটাল ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এতে সেখানে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় উপজেলা প্রশাসন ওই এলাকায় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
বিদ্যালয়ের কয়েজন শিক্ষার্থী জানান, ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। এতে তাঁরা ক্ষিপ্ত হন। পরে তাঁরা অনুষ্ঠান বানচাল করতে পাল্টা শোকসভার আয়োজন করেন। ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাছান বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ জামায়াত ও বিএনপির চিহ্নিত নেতা-কর্মীদের নিয়ে সংবর্ধনার নামে গোপন আলোচনার আয়োজন করে। সেখানে আমাদের শোকসভার আয়োজন ছিল। শোকসভার মাইকিংও করা হয়। গেটের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ সঠিক নয়।’ রামগঞ্জ ইউএনও (ভারপ্রাপ্ত) রফিকুল হক বলেন, একই স্থানে অনুষ্ঠানের আয়োজন করায় ১৪৪ ধারা জারি করা হয়।