যশোরের অভয়নগর উপজেলার মশিয়াহাটী বহুমুখী উচ্চবিদ্যালয়। এর খেলার মাঠটি পড়েছে মনিরামপুর উপজেলায়। জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অভিযোগ, লোকদেখানো কাজ করে মাঠ ভরাটের টাকা লোপাট করা হয়েছে।
২৮ জুন সরেজমিনে দেখা যায়, মাঠের তিন দিকে সামান্য উঁচু, মাঝের দিকটা নিচু। কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ভবদহ স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশিত না হওয়ায় বছরের কয়েক মাস মাঠটি তলিয়ে থাকে। এ কারণে গত বছরের মে মাসে মুক্তেশ্বরী নদীর বালু দিয়ে মাঠ ভরাটের কাজ শুরু হয়, কিন্তু বালু ঠিকমতো ওঠেনি। ১ জুলাই হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। এরপর জুলাই মাসের শেষের দিকে ট্রাকে করে বালু ও মাটি এনে মাঠের পশ্চিম ও দক্ষিণ পাশে স্তূপ করে রাখা হয়। এরপর আগস্টে দুই দফায় টানা বর্ষণে মাঠটি পানিতে তলিয়ে যায়। পানি নেমে গেলে এপ্রিলে আরও কয়েক ট্রাক মাটি এনে মাঠে রাখা হয়। ১০-১২ দিন আগে ট্রাক্টর দিয়ে মাটি সারা মাঠে ছড়িয়ে দেওয়া হয়।
লখাইডাঙ্গা গ্রামের কালিপদ মণ্ডল বলেন, ‘মাঠের ওপরে কিছু বালু ও মাটি ছড়ায়ে দেছে। সব মিলায়ে মাঠটি এক বিঘতও উঁচু করা হয়নি। এবারও বৃষ্টিতে মাঠটি তলায়ে যাবে।’
কুলটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস বলেন, ‘মাঠে কোনো সাইনবোর্ড কোনো দিন দেখিনি। তাই জানি না কত টাকার কাজ। তবে শুনেছি, এ কাজের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে এর অর্ধেক টাকার কাজও হয়নি। মাঠ ভরাটের নামে টাকা লোপাট করা হয়েছে।’
মশিয়াহাটী বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য রণজিত বিশ্বাস বলেন, মাটি ও বালু ফেলে মাঠের দুই পাশে এক হাত এবং ভেতরে এক বিঘতের মতো উঁচু হয়েছে।
অভিভাবক সদস্য ও প্রকল্প কমিটির সদস্য সিধু কবিরাজ বলেন, ‘মাঠ ভরাটের কাজ কি শেষ হয়েছে? আমার জানামতে শেষ হয়নি। যে পরিমাণ টাকা বরাদ্দ, তাতে মাঠটি দুই থেকে আড়াই ফুট উঁচু হওয়ার কথা। তা তো হয়নি।’
মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) প্রকল্পে ২০ লাখ ৪২ হাজার ৫০১ টাকা ব্যয়ে মশিয়াহাটী খেলার মাঠ ভরাটের প্রকল্পটি নেওয়া হয়। ৯ হাজার ৮২৪ ঘনমিটার মাটি দিয়ে প্রায় ৪০০ ফুট দৈর্ঘ্য এবং প্রায় ৩৫০ ফুট প্রস্থের মাঠটি দুই ফুট সাত ইঞ্চি উঁচু করে ভরাটের কথা।
একটি সূত্র জানিয়েছে, গত বছরের ১৫ জুন প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। প্রকল্পের সব টাকা উত্তোলন করা হয় ওই বছরের ৩০ জুন। কিন্তু কাজ শুরু করা হয় ওই বছরের ২০ মে। ওই বছরের ২৬ অক্টোবর মাঠ ভরাটের কাজ সম্পন্নের দাবি করা হয়। সূত্র জানায়, পাঁচ সদস্যের প্রকল্প কমিটির সভাপতি করা হয় মশিয়াহাটী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মণ্ডলকে। কিন্তু প্রকল্প কমিটি কাজ না করে খুলনার ঠিকাদার ইব্রাহিম হোসেনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়। ওই বছরের ২৬ মে ঠিকাদার প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত মুক্তেশ্বরী নদী থেকে যন্ত্রের সাহায্যে বালু উত্তোলন করে প্লাস্টিকের পাইপের মাধ্যমে মাঠ ভরাটের কাজ শুরু করেন।
এ ঘটনায় গত বছরের ২৬ জুন প্রথম আলোয় ‘যশোরে মুক্তেশ্বরী নদী, অপরিকল্পিত বালু উত্তোলন, ভাঙনের আশঙ্কা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ১ জুলাই থেকে মাঠ ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়।
ঠিকাদার ইব্রাহিম হোসেন বলেন, ‘নদীর বালু দিয়ে মাঠ ভরাটের জন্য আমার সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি ছিল। সব মিলিয়ে ৩৯ দিন ধরে নদী থেকে বালু তুলে মাঠ ভরাট করেছি। তবে খুব ভালো বালু ওঠেনি। পরে কাজ বন্ধ করে দেওয়া হয়। আমাকে মাত্র ১ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়।’
তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মণ্ডল বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকল্পের একটি টাকাও লোপাট করা হয়নি। শতভাগ কাজ করা হয়েছে। প্রকল্পে যা ছিল, তার চেয়ে অনেক বেশি বালু ও মাটি দিয়ে মাঠ ভরাট করা হয়েছে। তবে প্রকল্পের টাকা আমি খরচ করিনি। করেছেন এলাকার এক জনপ্রতিনিধির লোকজন ও পিআইও (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সাহেব।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক বলেন, ‘আমি এখানে ফেব্রুয়ারিতে বদলি হয়ে এসেছি। কিন্তু প্রকল্পটি শেষ করে গত বছরের ৩০ জুন সব টাকা উত্তোলন করা হয়েছে। আমি প্রকল্প এলাকায় গিয়ে দেখিনি।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিংকন বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই। তারপরও খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।