বিদ্যালয়ের গাছ কেটে নিচ্ছেন এক প্রভাবশালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া সরকারি বিদ্যালয়ের রোপণ করা ১৩টি বিভিন্ন প্রজাতির গাছ স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই প্রভাবশালী ব্যক্তির নাম ওসমান আলী খান। ওই বিদ্যালয়ের পাঁচজন দাতা সদস্যের মধ্যে তিনি একজন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পাঁচজন শ্রমিক ইতিমধ্যে দুটি রেইনট্রি, ১০টি মেহগনিগাছ কেটে ফেলেছেন। আরেকটি কড়ইগাছের ডালপালা কাটার পর গোড়া কাটার প্রস্তুতি নিচ্ছেন। শ্রমিকেরা জানান, তাঁরা স্থানীয় কাঠ ব্যবসায়ী মো. জাফরের নির্দেশে গত রোববার গাছগুলো কাটা শুরু করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. জাফর বলেন, তিনি ওসমান আলী খানের কাছ থেকে গাছগুলো কিনেছেন। তবে সেগুলোর মূল্য জানাতে চাননি।
ওসমান আলী খান গাছগুলো তাঁর নিজের জায়গার দাবি করে বলেন, ‘আমার গাছ আমি বিক্রি করেছি।’
বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান, বিদ্যালয়টি ১৯৭৫ সালে কাছিপাড়া মৌজার ৮৭৪ নম্বর খতিয়ানের ৩৬৬ নম্বর দাগের ১১ শতাংশ জমির মালিক হয়। যার সীমানা নির্ধারণ করে প্রায় ১৮ বছর আগে বিদ্যালয় কর্তৃপক্ষ গাছগুলো রোপণ করে।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল লতিফ খান বলেন, নিষেধ করার পরও স্থানীয় প্রভাব খাটিয়ে ওসমান আলী খান গাছগুলো কেটে নিচ্ছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মজিবর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সজীব দেবনাথকে পাঠিয়ে ওই ব্যক্তিকে কাটা গাছগুলো না নেওয়ার জন্য এবং আর কোনো গাছ না কাটার জন্য বলা হয়েছে।