বিদ্যালয়ের গাছ কেটে নিলেন সভাপতি
বগুড়ার শেরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে জোরপূর্বক বিদ্যালয়ের দুটি মেহগনিগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে গতকাল রোববার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের জেডপিজি বেলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি মূল্যবান মেহগনিগাছ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা গোলাম মোহাম্মদ জোরপূর্বক কেটে নিয়েছেন। তিনি একই সঙ্গে ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
প্রধান শিক্ষক আলী আজগর বলেন, ‘আমাকে না জানিয়ে এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে সিদ্ধান্ত না নিয়েই মির্জা গোলাম মোহাম্মদ প্রায় ২২ বছরের পুরোনো গাছ দুটি কেটেছেন। গত শুক্রবার সকাল ১০টায় গাছ কাটার সময় তিনি বাধা দিলেও আমার কথার কোনো গুরুত্ব দেননি।’ তিনি আরও বলেন, মেহগনিগাছ দুটির মূল্য কমপক্ষে ৬০ হাজার টাকা।
জানতে চাইলে মির্জা গোলাম মোহাম্মদ দুটি গাছ কেটে নেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, গাছগুলো তিনিই লাগিয়েছিলেন। বিদ্যালয়ে বিদ্যুৎ নিতে টাকা খরচ হবে। এ জন্যই তিনি গাছ দুটি ১৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মির্জা গোলাম মোহাম্মদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান স্বীকার করেন, মির্জা গোলাম মোহাম্মদ তাঁদের গঠন করা ভবানীপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক।