বিদ্যালয়ের জমিতে দোকান নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোকানঘর নির্মাণ করা হয়েছে। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোকানঘর নির্মাণ করা হয়েছে। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জমি দখল করে দোকানঘর তৈরি করা হয়েছে। বিদ্যালয়টির জমিদাতার ছেলে ও ভালুকা গ্রামের বাসিন্দা মো. রেজাউল করিম দোকানটি নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ২৮ ফেব্রুয়ারি লিখিত আবেদন জানিয়েছেন।
তবে রেজাউল করিম বলেন, তিনি বিদ্যালয়ের জমিতে ঘর তোলেননি। বিদ্যালয়ের নামে দান করা জমির সঙ্গে তাঁদের আরও জমি আছে। সেই জমিতে ঘর তুলেছেন। জমিটি পরিমাপ করা হলে যদি বিদ্যালয়ের জমিতে তাঁর ঘর পড়ে, তবে সেটি তিনি ভেঙে দেবেন।
লিখিত অভিযোগ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে ভালুকা গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। নলকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান প্রয়াত খবির উদ্দিন সরকারের স্ত্রী রাবিয়া বেগম বিদ্যালয়টির নামে তখন ১ একর ৩৫ শতক জমি দান করেন। সেখানে বিদ্যালয়টির শিক্ষার্থীসহ আশপাশের কয়েক গ্রামের শিশু-কিশোরেরা খেলাধুলা করে আসছে। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ১৯৫।
গত ২৫ ফেব্রুয়ারি বিদ্যালয় ছুটির পর জমিদাতার ছেলে রেজাউল করিম মাঠের দক্ষিণ পাশের জমি দখল করে একটি টিনের দোকানঘর তৈরি করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ এতে বাধা দেয়নি।
প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও বরাবর তিনি লিখিত আবেদন করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা বিদ্যালয়ের জমিতে ঘর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। তবে ইউএনও স্যার দেশের বাইরে থাকায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে কিছুটা দেরি হচ্ছে।’
জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।