বিদ্যালয়ের জমিতে মার্কেট, ৪০ পরিবার গ্রামছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিদ্যালয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণের জের ধরে সন্ত্রাসীদের ভয়ে ৪০টি পরিবার গ্রামছাড়া হয়েছে।
মামলা ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম বিদ্যালয়ের জায়গাসহ অন্য লোকের ব্যক্তিগত জায়গা দখল করে মার্কেট নিমাণ শুরু করে। বিষয়টি নিয়ে গত ৪ নভেম্বর বিদ্যালয়ের দাতা সদস্য হাবিবুর রহমান নির্মাণকাজে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু আবুল কাশেম সন্ত্রাসীদের ভাড়া করে জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যেতে থাকেন। সন্ত্রাসীরা নির্মাণকাজে বাধা দেওয়া লোকজনকে গ্রাম থেকে বিতাড়িত করে। হাবিবুর রহমানসহ তাঁর পক্ষের ৪০টি পরিবার ১৬ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে।
হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। পালিয়ে থাকা পরিবারগুলো রবি মৌসুমের ফসল চাষ করতেও পারছে না।’
আবুল কাশেম বলেন, বিদ্যালয়ের জায়গায় মার্কেট হচ্ছে। কারও জমি দখল করা হয়নি। হাবিবুর নিজ ইচ্ছায় গ্রামে আসেন না। ভয় দেখানোর প্রশ্নই ওঠে না।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ বলেন, স্কুলের জায়গায় মার্কেট নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা হয়েছে।