বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলা সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মাসউদ চৌধুরী বলেন, এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ সরকার বাদী হয়ে গত বুধবার বিকেলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাফাত হোসেনসহ অজ্ঞাতনামা ছয়-সাতজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদরের ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনের উত্তর পাশে খোলা জায়গায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাফাত হোসেন ও প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় প্রায় আড়াই মাস ধরে কয়েকজন প্রাচীর দিয়ে দোকানঘর নির্মাণের কাজ করছিলেন। ইতিমধ্যেই নির্মাণ করা দোকানঘরগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে সভাপতি ও প্রধান শিক্ষক স্থানীয় কিছু ব্যবসায়ীর কাছে গোপনে বরাদ্দ দিয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই বিদ্যালয়ের পিয়ন লফির মোল্লা (৪০) ও আবু বকর মোল্লাকে (৫৮) আটক করে।
ইউএনও মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘ঘর নির্মাণের খবর পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দোকানঘর নির্মাণকাজ করতে দেখতে পেয়ে প্রধান শিক্ষককে ডেকে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান বলেন, ‘আড়াই মাস ধরে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করলেও আমাকে বিষয়টি না জানানোর কারণে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’