বিদ্যালয়ের টাকা আত্মসাৎ নিয়ে দ্বন্দ্বে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পুলিশের ঢাকার বিশেষ শাখার উপমহাপরিদর্শক (ডিআইজি) রফিকুল ইসলাম। প্রধান শিক্ষকের সঙ্গে দ্বন্দ্বে মঙ্গলবার থেকে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন খবর পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেন। তাঁরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। মাঝে বিএনপির নেতৃত্বধীন চারদলীয় জোট সরকারের আমলে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে তিনি ২০০৯ সালে আবারও প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১২ সালের আগস্ট মাসে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হন রফিকুল ইসলাম। তিনি দায়িত্ব নেওয়ার ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত বিদ্যালয়ের আর্থিক হিসাব-নিকাশ নিরীক্ষা করার সিদ্ধান্ত নেন। রফিকুল ইসলাম ঢাকার পুরানা পল্টন এলাকার ইউএইচওয়াই সাইফুল সামছুল আলম অ্যান্ড কোং নামের একটি সিএ ফার্মকে নিরীক্ষার দায়িত্ব দেন। ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা টানা ২০ দিন বিদ্যালয়ে অবস্থান করেন এবং মাঝেমধ্যে ঢাকা থেকে আরেক কর্মকর্তা গিয়ে নিরীক্ষার কাজ করেন।
নিরীক্ষা শেষে ২০১৩ সালের ১৩ মার্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে তিন বছরে বিভিন্ন উপায়ে বিদ্যালয়ের ৩৩ লাখ ৬৬ হাজার ২১৩ টাকা গরমিল থাকার কথা বলা হয়েছে। ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকের বিরুদ্ধে। পরে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। প্রধান শিক্ষক তাঁর লিখিত জবাব দেন। তাঁর দেওয়া জবাব যাচাই-বাছাই না করেই আবারও সভাপতি তাঁকে নোটিশ দেন। তিনি দ্বিতীয় নোটিশেরও লিখিত জবাব দেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রফিকুল ইসলাম তাঁর পছন্দের লোককে প্রধান শিক্ষক করার জন্য ওই নিরীক্ষা প্রতিবেদনের মাধ্যমে গরমিল দেখিয়ে প্রধান শিক্ষকের ওপর চাপাচ্ছেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, নিরীক্ষা প্রতিবেদনে শিক্ষার্থীদের বকেয়া বেতন, মার্কেটের বকেয়া ভাড়া ও স্কুলের নামে ব্যাংকে জমানো টাকা না ধরে গরমিল হিসেবে দেখানো হয়েছে।
মজিবুর রহমান নামের এক শিক্ষক জানান, বিদ্যালয়ের টাকা যদি আত্মসাৎ হয়ে থাকে, তাহলে এর সঙ্গে শুধু প্রধান শিক্ষক নন ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও জড়িত।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, নিরীক্ষা প্রতিবেদনে যে টাকার গরমিল দেখানো হয়েছে এর একটা অংশ প্রধান শিক্ষক আত্মসাৎ করে থাকতে পারেন।
প্রধান শিক্ষক বলেন, ‘এলাকাবাসী ও শিক্ষার্থীদের কাছে আমাকে হেয় করতেই চক্রান্ত করা হচ্ছে।’