বিদ্যালয়ের নির্বাচনের নামে টাকা আত্মসাতের অভিযোগ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন বিদ্যালয়ে নির্বাচনের নামে প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, বিদ্যালয়ে নির্বাচন করা ওই কর্মকর্তার কাজ নয়। আর প্রার্থীদের কাছ থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে, তা অস্বাভাবিক।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা যায়, উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে চাঁদড়া, বেলবানা, বেজিডাঙ্গা, হেলেঞ্চা, রুদ্রবানা, পাচুড়িয়া, যোগীবরাট, উথলী, ভাটপাড়া ও তিতুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ থেকে ২১ জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়। বারাংকুলা ও নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
প্রতিটি বিদ্যালয়ে দুজন পুরুষ ও দুজন নারী অভিভাবক নির্বাচিত হন। এ জন্য দুটি প্যানেলে চারজন করে নারী ও পুরুষ অভিভাবক প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যেক প্রার্থীকে চার হাজার টাকা করে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলামের কাছে জমা দিতে হয়েছে। সে হিসাবে প্রতিটি বিদ্যালয় থেকে ৩২ হাজার টাকা করে তাঁর কাছে জমা পড়ে।
নির্বাচনসংশ্লিষ্ট চার ব্যক্তি নাম গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, ব্যালট ছাপানো ও নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী বাবদ সর্বসাকল্যে ১০ হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। অর্থাৎ প্রতিটি বিদ্যালয়ে ২২ হাজার টাকা করে উদ্বৃত্ত থাকার কথা। সে হিসাবে ১২টি বিদ্যালয় থেকে ২ লাখ ৬৪ হাজার টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে। ওই চার ব্যক্তি আরও অভিযোগ করেন, এই টাকা আত্মসাৎ করেছেন শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম।
উপজেলার একটি বিদ্যালয়ের নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন। তিনি জানান, তাঁকে দেড় হাজার টাকা, দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ১ হাজার ২০০ টাকা করে এবং দুই পোলিং কর্মকর্তাকে ১ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্যকে ৫০০ টাকা করে এবং একজন চৌকিদারকে ৩০০ টাকা দেওয়া হয়।
বেজিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসবুর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি কোনো টাকা তোলেনি বা নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের কোনো টাকা দেওয়া হয়নি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম নিজেই পুরো কাজটি সম্পাদন করেছেন।
প্রত্যেক প্রার্থীর কাছ থেকে চার হাজার টাকা করে নেওয়ার কথা স্বীকার করেন মুন্সী রুহুল আসলাম। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর তত্ত্বাবধানে প্রতিটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি এই নির্বাচন করেছে। টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অবশিষ্ট টাকা তাঁর কাছে রয়েছে। নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে, এই টাকা প্রার্থীদের ফেরত দেওয়া হবে, নাকি বিদ্যালয়ের তহবিলে জমা থাকবে।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপ্রসাদ দে প্রথম আলোকে বলেন, পরিচালনা কমিটির নির্বাচন করা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাজ নয়। এটি নিজ নিজ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির বিষয়। আর কমিটিই বুঝবে, প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হবে কি না। তিনি বলেন, এই নির্বাচনে সরকারি বাজেট নেই। তাই পরিচালনা কমিটি খরচ বাবদ প্রার্থীদের কাছ থেকে ২০০-৩০০ টাকা নিতে পারে। এর বেশি খরচ হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।