বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবৈধভাবে বরখাস্তের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মকবুলার রহমানের বিরুদ্ধে প্রধান শিক্ষক গোলাম গাউসকে অবৈধভাবে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। মকবুলার তাঁর ছেলেকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
রামজীবন উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেঠে, বিদ্যালয়টি ১৯৯৪ সালে স্থাপিত হয়। শিক্ষক-কর্মচারী ১৯ জন এবং ছাত্রছাত্রী প্রায় ৩০০ জন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় প্রধান শিক্ষকের দায়িত্ব নেন গোলাম গাউস। স্থানীয় সমাজকর্মী মকবুলার পরিচালনা কমিটির সভাপতি হন। মকবুলার তাঁর ছেলে গোলাম মোস্তফাকে সহকারী প্রধান শিক্ষক, মেয়ে মানছুরা আক্তার ও মেয়ের দেবর খিজির মিয়াকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন। নিয়োগ করা ওই তিনজনসহ তাঁর ভাগনে ও দুজন প্রতিবেশীকে তিনি পরিচালনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।
শিক্ষকদের এমপিওভুক্তির জন্য টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে ১৯৯৭ সালের ১ এপ্রিল গোলাম গাউসকে বরখাস্ত করা হয়। পরে সহকারী শিক্ষক আতাউর রহমানকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেন মকবুলার। এই বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদনের জন্য ১৯৯৯ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটিতে চিঠি পাঠানো হয়। আরবিট্রেশন কমিটি ২০০১ সালের ৩১ অক্টোবর গোলাম গাউসকে প্রধান শিক্ষক হিসেবে বহাল রাখে। কিন্তু মকবুলার ওই আদেশের বিরুদ্ধে গাইবান্ধা সহকারী জেলা জজ আদালতে মামলা করেন। ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর এই মামলায় গোলাম গাউসের পক্ষে রায় দেন আদালত।
গোলাম গাউস ২০০৪ সালের ৮ এপ্রিল থেকে আবারও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে থাকেন। একই বছরের ২৯ নভেম্বর তাঁর এমপিওভুক্তির জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা অধিদপ্তরে আবেদনও পাঠান। কিন্তু বিধিমোতাবেক জনবলকাঠামো পূরণ না হওয়ার কারণ দেখিয়ে প্রধান শিক্ষককে এমপিওভুক্ত থেকে বিরত রাখা হয়। কিন্তু এমপিওভুক্তির বিষয়ে গোলাম গাউস ২০০৬ সালের ২২ আগস্ট উচ্চ আদালতে রিট করেন। আদালত চলতি বছরের ২৪ জুলাই গোলাম গাউসকে এমপিওভুক্ত করার জন্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিক্ষাসচিবকে নির্দেশ দেন। কিন্তু এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য অতিরিক্ত টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে ২০০৭ সালের ২০ আগস্ট গোলাম গাউসকে আবার বরখাস্ত করে ছেলে গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করেন মকবুলার। ২০১৩ সালে তাঁর ছেলেকে প্রধান শিক্ষক নিয়োগ দেন। গত আগস্ট মাসে প্রধান শিক্ষক হিসেবে গোলাম মোস্তফার বেতন-ভাতাও আসে।
তবে গোলাম গাউস অভিযোগ করেন বলেন, ‘সভাপতি তাঁর ছেলেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার জন্য প্রভাব খাটিয়ে আমাকে অবৈধভাবে বরখাস্ত করেছেন। আরবিট্রেশন কমিটি ও আদালতের রায়ের পরও আমাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে না। ফলে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছি।’
মকবুলার প্রভাব খাটিয়ে ছেলেকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার কথা অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে জানান, গোলাম গাউস এমপিওভুক্তির কথা বলে ১৯৯৬ সালে শিক্ষকদের কাছ থেকে ৪৩ হাজার টাকা নেন। কিন্তু এমপিওভুক্ত করতে না পারায় তিনি ওই বছরের ১৫ ডিসেম্বর চাকরি ছেড়ে দেন। পরে যোগদানের জন্য তাঁকে উকিল নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি যোগদান করেননি। মকবুলারকে প্রশ্ন করা হয়েছিল গোলাম গাউস যদি ১৯৯৬ সালে চাকরি ছেড়ে চলে যান তাহলে কেন তাঁকে ২০০৭ সালের ২০ আগস্ট আবার বরখাস্ত করা হলো, এ সময় তিনি কোনো উত্তর না দিয়ে নীরব থাকেন। আর আদালতের রায় প্রসঙ্গে তিনি জানান, আরবিট্রেশন কমিটি ও আদালতের রায়ের কথা শুনেছেন। কিন্তু তিনি এ-সংক্রান্ত কোনো কাগজ পাননি। তবে গোলাম গাউস টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।