বিদ্যালয়ের মাঠে অশ্লীলতার মঞ্চ ভেঙে দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঘোড়ামারা জি এন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত যাত্রার নামে অশ্লীলতার মঞ্চ ও জুয়ার আসর ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক পাভেল গত রোববার দিবাগত রাতে অর্ধশতাধিক পুলিশ ও র‌্যাব সদস্য নিয়ে সেখানে অভিযান চালান।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও শামীমুল হক পাভেল গত রোববার দিবাগত রাত একটার দিকে অর্ধশতাধিক পুলিশ ও র‌্যাব সদস্য নিয়ে ঘোড়ামারা গ্রামে যান। ঘোড়ামারা জি এন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে তখন যাত্রা চলছিল। ইউএনও প্রথমে দর্শক বেশে প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখতে পান মূল মঞ্চে কয়েকজন নারী অশ্লীল নৃত্য পরিবেশন করছেন। পাশেই চলছিল জুয়ার আসর। আর তা দেখছে কয়েক শ মানুষ। ইউএনও এ দৃশ্য কৌশলে ক্যামেরাবন্দি করেন। তারপর প্যান্ডেল থেকে ৫০০ মিটার দূরে অবস্থান করা পুলিশ ও র‌্যাব সদস্যদের খবর দেন। তাঁরা সেখানে গিয়ে প্যান্ডেল ও মঞ্চ ভেঙে দেন। অশ্লীল নাচে অংশ নেওয়া চারজন নর্তকীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে যাত্রার আয়োজকদের কাউকে আটক করতে পারেননি।
মেলার অন্যতম আয়োজক জি এন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়ে মেলার আয়োজন করা হয়েছিল। এর থেকে আয় হওয়া টাকা বিদ্যালয়ের উন্নয়নে ব্যবহার করা হবে। তিনি দাবি করেন, যাত্রার কারণে বিদ্যালয়ের পাঠদান বন্ধ ছিল না।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন গত রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, তিনি অসহায়। যাত্রার কারণে স্কুলের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা যাত্রার আয়োজন করেছেন। মুখ খুললে তাঁর ক্ষতি হবে।
ইউএনও শামীমুল হক পাভেল বলেন, আয়োজকেরা উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে যাত্রার আয়োজন করে। ওই নির্দেশনায় বলা আছে, যাত্রা বা মেলার আয়োজনে কোনো বাধা দেওয়া যাবে না। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে রোববার রাতে সেখানে গিয়ে দেখা যায়, যাত্রার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সব ভেঙে দেওয়া হয়।
জুয়ায় বাধা, পরে আত্মহত্যা: ঘোড়ামারা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গত রোববার দুপুরে ঘোড়ামারা গ্রামে বাড়ি থেকে গৃহবধূ মিতা খাতুনের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মিতার স্বামী মতিয়ার রহমান কয়েক দিন ধরে যাত্রা ও জুয়ার মঞ্চে গিয়ে টাকা খরচ করতেন। এ নিয়ে প্রতিবাদ জানালে শনিবার গভীর রাতে মিতার সঙ্গে মতিয়ারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মিতাকে মারধর করেন মতিয়ার। গতকাল দুপুরে মিতা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।