বিদ্যালয়ের মাঠে খড়, খেলাধুলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের মাঠ দখল করে স্থানীয় কয়েক ব্যক্তি ধান মাড়াই করছেন ও খড় শুকাচ্ছেন। এ কারণে মাঠে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের ধামাইনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খড় শুকাচ্ছেন স্থানীয় নজরুল ইসলাম, সারোয়ার হোসেন ও জয়নাল আবেদীন।
এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্র জানায়, প্রতিবছর ধান কাটার পরে তাঁরা মাঠে ধান মাড়াই এবং ধান ও খড় শুকানোর কাজ করে থাকেন। তাঁদের এ বিষয়ে নিষেধ করেও কোনো সুফল মেলেনি।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাসরিন খাতুন ও শারমিন খাতুন এবং চতুর্থ শ্রেণির লিমা খাতুন, সোনিয়া খাতুনসহ আট-দশজন জানায়, মাঠের মধ্যে খড় থাকায় খেলাধুলা করা যায় না। পঞ্চম শ্রেণির ছাত্র তারিকুল ইসলাম ও মেরাজুল ইসলাম এবং চতুর্থ শ্রেণির ছাত্র মিলন হোসেন জানায়, বিদ্যালয়ের মাঠে খেলতে না পারার কারণে টিফিনের সময় অন্যের খেতে গিয়ে তারা খেলাধুলা করে।
প্রধান শিক্ষক কে এম জাহাঙ্গীর আলম বলেন, শুধু মাঠ নয়, বিদ্যালয়ের ছাদও তাঁরা বিভিন্ন সময় খড় ও ধান শুকানোর কাজে ব্যবহার করেন। নিষেধ করলেও শোনেন না।
ধান ও খড় শুকানোর সঙ্গে যুক্ত চার-পাঁচজন বলেন, ‘স্কুলের মাঠ খালিই পড়ে থাকে। তাই এ সময় আমরা কাজে লাগাই।’