বিদ্যালয়ের মাঠে দুই মাস ধরে চলছে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠজুড়ে স্থাপন করা হয়েছে মেলার স্টল। ছবিটি ১৯ জানুয়ারি তোলা l প্রথম আলো
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠজুড়ে স্থাপন করা হয়েছে মেলার স্টল। ছবিটি ১৯ জানুয়ারি তোলা l প্রথম আলো

মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দুই মাসের বেশি সময় ধরে চলছে মেলা। প্রথমে ছিল ব্যাণিজ্য মেলা। সেটা শেষ হতেই শুরু হয়েছে বিজয় মেলা। এতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেমন আয়োজন করা যাচ্ছে না, তেমনি স্বাভাবিক পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এদিকে বিজয় মেলার নামে বিদ্যালয়ের মাঠে লটারি ও হাউজি খেলা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাস ১৯ জানুয়ারি বলেন, ‘১৭ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ইচ্ছামতো মেলার সময় বাড়ানো হচ্ছে। মেলার জন্য বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে পারছি না। তারা উঠছে না। তা ছাড়া যে নীতিমালায় বিদ্যালয়ের মাঠে মেলা করার কথা ছিল তাও মানা হচ্ছে না। আমরা কিছু করতে পারছি না।’
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের অভিভাবক নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘স্কুল ছুটি হলেই ছেলে সঙ্গীসাথীদের সঙ্গে দলবেঁধে মেলায় চলে যায়। এলাকার প্রভাবশালীরা মেলা করছেন। কেউ আমাদের বাচ্চাদের কথা ভাবছে না।’
স্থানীয় লোকজন ও মেলা সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ের মাঠে মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপী বাণিজ্য মেলা গত বছরের ১৫ ডিসেম্বর শেষ হয়। পরদিন ১৬ ডিসেম্বর থেকেই বাণিজ্য মেলার অবকাঠামো ঠিক রেখে শুধু ব্যানার বদলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ শুরু করে বিজয় মেলা। বিজয়ের মাস শেষ হলেও সেই মেলা আর শেষ হয়নি। বিজয় মেলার নামে চলতে থাকে লটারি ও হাউজি খেলা। এ মেলা বন্ধের দাবিতে ৩ জানুয়ারি শহরের চৌমোহনা চত্বরে মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানববন্ধন ও সমাবেশ করে। এ ছাড়া গত ২৭ ডিসেম্বর মৌলভীবাজারের ব্যবসায়ীদের অপর সংগঠন বিজনেস ফোরাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।
সমাবেশে চেম্বারের পক্ষ থেকে বলা হয়, প্রচলিত আইন মেনে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে চেম্বারের উদ্যোগে যে বাণিজ্য মেলা করা হয়েছিল তা নির্ধারিত সময়েই শেষ হয়। এরপর সাত থেকে ১০ দিন বিজয় মেলা বা পৌষমেলা চলার কথা। কিন্তু বিজয় মেলার নামে প্রতারণামূলক লটারি, হাউজি-বাম্পার খেলার মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে সর্বস্বান্ত করা হচ্ছে।
মৌলভীবাজার বিজনেস ফোরামের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসাইন ১৯ জানুয়ারি বলেন, বিজয় মেলার নামে এ মেলায় নিম্নমানের চটকদার পণ্য কম দামে বিক্রি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এলাকার ব্যবসা-বাণিজ্যে এর প্রচণ্ড প্রভাব পড়ছে।
বিজয় মেলা আয়োজক পরিষদের সভাপতি আজিজুর রহমান ১৯ জানুয়ারি বলেন, ‘কয়েক দিনের মধ্যেই মেলা শেষ করে মাঠ খালি করে দেওয়া হবে।’
জেলা প্রশাসক কামরুল হাসান ১৯ জানুয়ারি বলেন, ‘আয়োজকদের সঙ্গে এ মেলা বন্ধের বিষয়ে কথা বলব।’