বিদ্যালয়ের মাঠে ধান মাড়াই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৩৮ নম্বর বড়সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় কয়েক ব্যক্তি প্রায় দুই সপ্তাহ ধরে যন্ত্র বসিয়ে ধান মাড়াই করছেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলা ব্যাহত হচ্ছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে ধান মাড়াইয়ের যন্ত্র বসানো রয়েছে। যন্ত্রের পাশেই মাড়াই করার জন্য ধান স্তূপ করে রাখা হয়েছে। মাড়াই করা ধান ও খড় মাঠজুড়ে শুকাতে দেওয়া হয়েছে। সামনেই রয়েছে বিদ্যালয়ের আধা পাকা ভবন। শিক্ষার্থীদের ক্লাস না থাকলেও ধান ও খড়ের ধুলা থেকে রক্ষা পেতে তারা শ্রেণিকক্ষে বসে আছে।
স্থানীয় অনেকে জানান, এলাকার নজরুল ইসলাম, লাল মিয়া শেখসহ কয়েকজন মিলে ধান মাড়াইয়ের যন্ত্রটি বসিয়েছেন। মাড়াই শেষে আবার খড়ের পালাও দিচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমানয়ারা ফেরদৌসী বলেন, বিদ্যালয়টি দৌলতদিয়ার ঢল্লাপাড়া এলাকায় ছিল। নদীভাঙন শুরু হলে গত বছর এটি ক্যানালঘাট নুরু মণ্ডল পাড়ায় আনা হয়। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল জায়গাটির ব্যবস্থা করে দিয়েছেন। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ছোট একটা মাঠ থাকলেও সেখানে দুই সপ্তাহ ধরে স্থানীয় লোকজন ধান মাড়াই করছেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে খেলাধুলা।
প্রধান শিক্ষক আরও জানান, ধান মাড়াই না করতে একাধিকবার বলা হলেও তাঁরা শোনেননি।
লাল মিয়া শেখের ছেলে শাকিল শেখ বলেন, এলাকায় আর কোনো জায়গা না থাকায় তাঁরা বিদ্যালয়ের মাঠেই আপাতত ধান মাড়াই করছেন। এতে শিক্ষার্থীদের কিছুটা সাময়িক সমস্যা হলেও ক্লাস চলার সময় যন্ত্রটি বন্ধ রাখা হয়। দু-এক দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।
দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, বিষয়টি তিনি জানতেন না। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।