বিদ্যালয়ের মাঠে পাথরের স্তূপ, খেলাধুলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সামনে পাথর ফেলা হয়েছে। খেলার মাঠেও পাথরের স্তূপ। চলাচলের উপায় নেই। এ কারণে তিন মাস ধরে শিক্ষার্থীরা খেলাধুলাও করতে পারছে না। একটু বাতাস হলেই পাথরের গুঁড়া উড়ে আসে শ্রেণিকক্ষে। এ অবস্থা ঝিনাইদহ সদর উপজেলার গান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
শিক্ষকেরা জানান, কালীগঞ্জ-ডাকবাংলো ভায়া গান্না সড়কের নির্মাণকাজের জন্য তিন মাস আগে ওই পাথর এনে রাখেন ঝিনাইদহের ঠিকাদার শাহীনূর আলম। ২০১২ সালে তিনি সড়কের কাজ শুরু করলেও আজও শেষ করতে পারেননি।
এ ব্যাপারে শাহীনূর আলম প্রথম আলোকে বলেন, ‘বাচ্চারা কষ্ট পাচ্ছে শুনে আমারও খারাপ লাগছে। কাজ শুরু করলে সবার আগে বিদ্যালয়ের জায়গা ফাঁকা করে দেব।’
সরেজমিনে দেখা যায়, গান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ভবন। পশ্চিম পাশের ভবনের বারান্দার সঙ্গে রাখা হয়েছে পাথর। মাঝের ভবনের সামনেও আছে পাথরের স্তূপ। পূর্ব পাশের ভবনের সামনে কিছুটা খালি থাকলেও রাখা আছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। মাঠে পাথর থাকায় বিদ্যালয়ের মাঠ থেকে বৃষ্টির পানি ঠিকমতো বের হতে পারছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ানা সুফিয়ান বলেন, জুন মাসের প্রথম দিকে হঠাৎ এক ঠিকাদার বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখতে শুরু করেন। এ নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। কিন্তু ঠিকাদারের লোকজন স্থানীয়দের বোঝান, এলাকার সড়ক উন্নয়নের কাজ হবে। ১৫ দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এলাকার স্বার্থে এটুকু কষ্ট সহ্য করার অনুরোধ জানান। এলাকাবাসীও ঠিকাদারের লোকজনের কথায় রাজি হয়ে তাঁদের অনুরোধ করেন। এ কারণে তাঁরা মালামাল রাখায় বাধা দেননি। কিন্তু ঠিকাদার মালামাল রেখে আর কাজ শুরু করছেন না। এ কারণে বিদ্যালয়ের ২৩৫টি শিশুর শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।