বিদ্যালয়ের মাঠে লটারির প্যান্ডেল

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মহারাজাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে মেলার নামে স্থাপন করা হয়েছে প্যান্ডেল। আর ওই প্যান্ডেলে চলছে লটারির আয়োজন। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহারাজাহাট উচ্চবিদ্যালয়ের মাঠে আনন্দ মেলা বসানো হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বিদ্যালয় ভবনের ১০ হাত দূরে একটি প্যান্ডেল করা হয়েছে। ওই প্যান্ডেল থেকে পরিচালিত হচ্ছে লটারি। প্যান্ডেলের মঞ্চে সাজিয়ে রাখা হয়েছে সাত-আটটি মোটরসাইকেল, কয়েকটি টেলিভিশনসহ নানা পণ্য। লটারির বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। প্যান্ডেল ঘিরে চলছে লটারির টিকিট বিক্রি। লোকজন লটারির টিকিট কেনার জন্য ভিড় করছেন সেখানে। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা-জানালা বন্ধ করে ক্লাস চালাতে দেখা যায়। সে সময় মিলন রহমান নামের লটারি আয়োজকদের একজন বলেন, ‘মেলা কমিটি আমাদের যেখানে প্যান্ডেল করতে বলেছে, আমরা সেখানেই বসেছি।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকসেদুর রহমান বলেন, একদিকে মেলার লটারির প্রচারণা চলছে, অন্যদিকে মেলায় আসা কয়েক হাজার লোক বিদ্যালয়ের আশপাশের খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছে। দুর্গন্ধের কারণে এখন ক্লাস নেওয়াই অসম্ভব হয়ে পড়েছে। বিষয়টি মেলা কমিটির সভাপতিকে জানিয়েও কোনো লাভ হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসলামউদ্দিন বলেন, ‘শুক্রবার স্কুল বন্ধের দিন মাঠে লটারির প্যান্ডেল তৈরি করা হয়েছে। পরের দিন এটা দেখে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অভিযোগ করি। কিন্তু তিনি আমাকে বলেছেন, এটা এখন আর সরানো যাবে না। বিষয়টি এখন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানোর কথা ভাবছি।’
মেলার আয়োজক কমিটির সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রউফ বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে মেলা চালানোর অনুমতি নেওয়া আছে। মেলা ৩০ নভেম্বর থেকে ১৫ দিন চলার কথা। লটারি পরিচালনার অনুমতি রয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এসবের অনুমতি পাওয়া যায় না। একপ্রকার ম্যানেজ করেই এগুলো চলছে। বিদ্যালয়ের সমস্যা হলে লটারির প্যান্ডেলটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মো. নাহিদ হাসান ছুটিতে থাকায় তাঁর দায়িত্ব পালন করেছেন পীরগঞ্জের ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে মেলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু লটারি পরিচালনার কোনো অনুমতি দেওয়া হয়নি। নিয়মবহির্ভূত সব আয়োজন বন্ধ করে দেওয়া হবে।