বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণের সামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফেলে রাখা সড়কে নির্মাণসামগ্রী। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নড়াইল সদর উপজেলার খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফেলে রাখা সড়কে নির্মাণসামগ্রী। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নড়াইল সদর উপজেলার খলিশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে সড়ক নির্মাণের সামগ্রী ফেলে রাখা হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার লোকজন নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিলেও ঠিকাদার তা আমলে আনছেন না।
এলাকাবাসী জানান, প্রায় দুই মাস ধরে বিদ্যালয়ের মাঠে ওই নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নড়াইল-নওয়াপাড়া সড়কসংলগ্ন খলিশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পুরো জায়গায় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত পাথর, পাথরকুচি এবং মিশ্রণ যন্ত্র (মিকচার মেশিন) ফেলে রাখা হয়েছে। তৈরি করা হয়েছে বড় আকারের দুটি চুলা।
খলিশাখালি গ্রামের গোরাচাঁদ বিশ্বাস বলেন, এই মাঠে বিদ্যালয়ের ছেলেমেয়ে ছাড়াও আশপাশের তিন-চারটি গ্রামের ছেলেরা খেলাধুলা করে থাকে। প্রতিবছর এখানে হাডুডুসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। কিন্তু বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণের সামগ্রী ফেলে রাখায় খেলাধুলা বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, মাঠের মধ্যে পাথর ফেলে রাখায় তারা খেলাধুলা করতে পারে না। ঠিকমতো চলাচলও করতে পারে না তারা। অনেক সময় পা ফসকে পাথরের ওপর পড়ে গিয়ে তারা আহত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরহাদ হোসেন নামের এক ঠিকাদার ওই নির্মাণসামগ্রী বিদ্যালয়ের মাঠে ফেলে রেখেছেন। ফরহাদ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। জানতে চাইলে তিনি বলেন, বর্ষার কারণে সড়কের নির্মাণকাজ থেমে রয়েছে। এ সপ্তাহের মধ্যেই নির্মাণকাজ শুরু করা হবে। তখন মাঠ ফাঁকা হয়ে যাবে। এ জন্য তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কিছুটা সময় চেয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নূরজাহান বেগম বলেন, ফরহাদ হোসেন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নির্মাণসামগ্রী বিদ্যালয়ের মাঠে ফেলে রেখেছেন। ফলে তাঁদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সরেজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।