বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন চুরির অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের সিএম আইয়ুব বালিকা উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে হরিজন সম্প্রদায়ের এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে।

ওই বিদ্যালয় ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অ্যাসেম্বলি শেষে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রীরা শ্রেণিশিক্ষকের জন্য অপেক্ষা করছিল। এ সময় একজন নারী ও দুই থেকে তিনজন তরুণ বিদ্যালয়ে ঢোকেন। পরে ওই নারী ও এক তরুণ শ্রেণিকক্ষে ঢুকে হরিজন সম্প্রদায়ের ১০ম শ্রেণিরওই ছাত্রীর স্কুলব্যাগ তল্লাশি করে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যান। পরে তাঁরা শ্রেণিকক্ষে আবার ফিরে এসে চিৎকার করতে থাকেন, ওর ব্যাগে মোবাইল পাওয়া গেছে, ও মোবাইল চোর। এই বলে ওই ছাত্রীকে তাঁরা মারতে শুরু করেন।

ভুক্তভোগী ওই ছাত্রী অভিযোগ করে বলে, বিদ্যালয়ের এক সহপাঠীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে কারণে ওই সহপাঠীর বাড়িতে তার যাতায়াত ছিল। গতকালও বিদ্যালয় শুরুর আগে ওই ছাত্রীর বাড়িতে সে গিয়েছিল। ওই সহপাঠীর বাড়িতে গেলে ও ছাড়া আর কেউ তার সঙ্গে কথা বলত না। ওর সঙ্গে মেলামেশা বন্ধ করতেই ওই সহপাঠীর নানি ও মামা গতকাল এ ঘটনা ঘটান।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্রনাথ ঝা বলেন, ‘১০ম শ্রেণির ছাত্রীরা শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকদের কক্ষ থেকে বের হয়ে দেখি একজন নারী ও দুই থেকে তিনজন ওই ছাত্রীকে ঘিরে রেখেছে। এ সময় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই ছাত্রীকে উদ্ধার করে। ছাত্রীটির নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে।’

ওই সহপাঠীর নানি বলেন, বিদ্যালয় শুরুর আগে হরিজন সম্প্রদায়ের ওই মেয়েটি তাঁর মেয়ের বাড়িতে গিয়েছিল। এরপর থেকে বাড়ির একটি মুঠোফোন খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন সন্দেহ করছিল, মুঠোফোনটি ওই মেয়েটি নিয়ে গেছে। তা যাচাই করতেই তাঁরা বিদ্যালয়ে গিয়েছিলেন। পরে ছাত্রীটির ব্যাগ তল্লাশি করে মুঠোফোনটি পাওয়া যায়। এরপরই এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও থানার এসআই আবু হানিফ মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে ওই সহপাঠীর নানিকে আটক করা হয়।

এ ঘটনার পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়ালিউর রহমান ঘটনাটি সমঝোতার উদ্যোগ নেন। পরে তিনি দুপক্ষকে নিয়ে বসে মীমাংসা করে দেন। এ বিষয়ে ছাত্রীটির বাবা বলেন, কাউন্সিলরসহ অন্যরা তাঁকে অনুরোধ করায় সমঝোতা করতে বাধ্য হয়েছেন।’ এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, ‘বিদ্যালয়ে ঢুকে ছাত্রীকে মারধরের ঘটনাটি ছোট করে দেখার সুযোগ নেই। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি।’