বিদ্যালয়ের সামনে থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় গতকাল শনিবার এক স্কুলছাত্রীকে (১৫) বিদ্যালয়ের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ এ ঘটনায় জাকির হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার পশ্চিম লক্ষ্মীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী।
পরিবার সূত্র জানায়, গতকাল ওই ছাত্রী পরীক্ষার ফল জানতে বিদ্যালয়ে যায়। সে নবম শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে।
পুলিশ ও ওই ছাত্রীর পরিবারের ভাষ্যমতে, গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে জাকির হোসেন ওই ছাত্রীকে তাঁর (জাকির) চাচাতো বোনের সহযোগিতায় একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে বিকেল পাঁচটার দিকে হাতিয়া থানার পেছনে ওই ছাত্রীর মামার বাড়ির সামনের রাস্তায় তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
সূত্র জানায়, পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মো. টিপু সুলতান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তির পর ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ওই ছাত্রী এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
হাতিয়া থানার ওসি মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জাকির হোসেন ও তাঁর চাচাতো বোনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জাকিরকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।