বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে গতকল বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই স্কুলছাত্রের নাম জুয়েল শেখ (১৪)। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের রইচ শেখের ছেলে। সে আমডাঙ্গা কাজী ফরিদা সিরাজ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
মধুখালী থানার পুলিশ ও স্থানীয় কয়েক জন জানান, জুয়েল গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে আমডাঙ্গা বাজারে যায়। এরপর অনেক খোঁজা করেও না পেয়ে গতকাল বৃহস্পতিবার রইচ শেখ মধুখালী থানায় সাধারণ ডায়েরি করেন। এর কিছুক্ষণ পরই এলাকার রায়হান উদ্দিন আকাশ (১৫) ও সজীব কাজীকে (১৩) আটক করে পুলিশ। এদের মধ্যে সজীব জুয়েলের সহপাঠী ও আকাশ স্থানীয় আমডাঙ্গা বাজারে ওয়েল্ডিং কারখানায় কাজ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তথ্য পেয়ে আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে জুয়েলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে আকাশ ও সজীব মুঠোফোনে গেমস খেলছিল। এ সময় জুয়েল সেখানে যায়। একপর্যায়ে জুয়েল দুষ্টুমি করে পেছন থেকে আকাশকে ধাক্কা দেয়। এ নিয়ে আকাশ জুয়েলকে মারধর করলে ঘটনাস্থলেই জুয়েল মারা যায়। পরে আকাশ ও সজীব মিলে জুয়েলকে সেপটিক ট্যাংকে ফেলে দেয়।