বিদ্যুতায়িত হয়ে দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস মেডিকেল কলেজের নির্মাণাধীন ছাত্রীনিবাসের ভবন ধসে একজন নির্মাণশ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। জেলা শহরের শিববাটি এলাকায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। গতকাল সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন আবদুল মোমিন (৩২), মোস্তফা আলী (৫০) ও তাঁর স্ত্রী ডলি বেগম (৪২)। আবদুল মোমিনের বাড়ি পল্লিমঙ্গল গ্রামে। মোস্তফা ও ডলির বাড়ি শিববাটি সবুজ সংঘসংলগ্ন এলাকায়।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনুস আলী বলেন, মেডিকেল কলেজটির নয়তলা ছাত্রীনিবাসটির তিনতলার বারান্দার বর্ধিত অংশে গতকাল ঢালাইয়ের কাজ চলছিল। দিনভর বৃষ্টিপাতে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢালাই করা অংশ ধসে পড়লে তাতে চাপা পড়ে আবদুল মোমিন মারা যান। এতে আরও সাত শ্রমিক আহত হন। তাঁদের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, টানা বৃষ্টিতে শিববাটি সবুজ সংঘসংলগ্ন এলাকার রিকশার গ্যারেজের মিস্ত্রি মোস্তফা আলীর বাসার কাপড় শুকানোর তার বিদ্যুতায়িত হয়ে পড়ে। বেলা দুইটার দিকে গোসলের পর তারে ভেজা কাপড় শুকাতে দিতে গেলে ডলি বেগম বিদ্যুতায়িত হন। তাঁকে রক্ষা করতে গিয়ে মোস্তফা আলীও বিদ্যুতায়িত হন। এগিয়ে গেলে তাঁদের ভাতিজা জনিও (২৬) বিদ্যুতায়িত হন। মোস্তফা আলী ও ডলি বেগম ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। জনিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।